Sylhet Today 24 PRINT

খামের ভেতর পাউডার, ট্রাম্পের পুত্রবধূ হাসপাতালে

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৮

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর পুত্র ও পুত্রবধূ (ফাইল ছবি)

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ ভেনেসা ট্রাম্পের ম্যানহাটনের অ্যাপার্টমেন্টের ঠিকানায় ডাক মারফত আসে একটি খাম। খাম খোলার পর তাতে সাদা পাউডার দেখতে পান ভেনেসা। এরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভেনেসাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মার্কিন সংবাদ মাধ্যমগুলো মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জানায়, খামে সাদা পাউডার দেখতে পাওয়ার খবর শুনেই দমকল বাহিনীর লোকেরা ছুটে যান ওই অ্যাপার্টমেন্টে। তারা ভেনেসা ও সেখানে উপস্থিত আরও দুজনকে ‘দূষণমুক্ত’ (ডিকন্টামিনেট) করেন। পরে ভেনেসাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, খামের সাদা পাউডারের মধ্যে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি। ভেনেসার শরীরে কোনো নেতিবাচকতার লক্ষণও ধরা পড়েনি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভেনেসা ও অপর দুজনকে ওয়েইল কর্নেল মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের বিস্তারিত শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে।

সোমবার সন্ধ্যায় ভেনেসার স্বামী ডোনাল্ড ট্রাম্প জুনিয়র টুইট করে জানিয়েছেন, তার পরিবারের সবাই সুস্থ ও নিরাপদ আছে। কারো কোনো বিপদ হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.