Sylhet Today 24 PRINT

পিটিয়ে হত্যার সময় সেলফি, গ্রেপ্তার ২

বিবিসি বাংলা |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৮

ভারতের দক্ষিণের কেরালা রাজ্যে একজন উপজাতীয় লোককে পিটিয়ে হত্যার ভিডিও এবং এ ঘটনার 'দর্শকদের' তোলা সেলফি অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজ্যের পুলিশ ইতিমধ্যে দুজন লোককে গ্রেপ্তার করেছে।

বিবিসি জানিয়েছে, অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, হাত বাঁধা উপজাতীয় লোকটিকে পিটিয়ে হত্যা করার সময় অন্য কয়েকজন লোক ঘটনাটা দেখতে দেখতে সেলফি তুলছে।

ঘটনাটি ঘটেছে পালাক্কাড জেলায় এবং নিহত লোকটি সেখানকারই বাসিন্দা বলে জানা গেছে। তার নাম মধু।

তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছিল। পুলিশ বলছে, তারা ওই ঘটনার সাথে জড়িত অন্য লোকদেরও খুঁজছে।

পুলিশ কর্মকর্তা প্রতীশ কুমার বলছেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায় এবং মধুকে হাসপাতালে নিয়ে যায়, তবে কোন চিকিৎসা দেবার আগেই তার মৃত্যু হয়।

ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে এবং তার কিছু অংশ টিভিতেও দেখানো হয়। এর পর কেরালায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, এ ব্যাপারে কড়া ব্যবস্থা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.