Sylhet Today 24 PRINT

সিরিয়ায় ৮ তুর্কি সেনা নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০২ মার্চ, ২০১৮

সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার তুরস্কের আট সৈন্য নিহত ও ১৩ জন আহত হয়েছেন। সেখানে কুর্দি মিলিশিয়ার বিরুদ্ধে অভিযান চালানোর সময় তাদের এসব সৈন্য নিহত হয়। দেশটির সামরিক বাহিনী একথা জানায়। খবর এএফপি’র।

গত ২০ জানুয়ারি সিরিয়ার আফরিন অঞ্চলে পিপলস প্রটেকটিভ ইউনিটের (ওয়াইপিজি) বিরুদ্ধে আন্তঃসীমান্ত অভিযান শুরুর পর থেকে আঙ্কারার জন্য বৃহস্পতিবার ছিল সবচেয়ে ভয়াবহ দিন। তুরস্কের সামরিক বাহিনীর দু’টি পৃথক বিবৃতিতে হতাহতের এ সংখ্যা জানানো হয়।

প্রথম বিবৃতিতে বলা হয়, ‘আফ্রিনে অভিযান চালানোর সময় আমাদের পাঁচ বীর সেনা শহীদ ও অপর সাত আহত হয়েছেন।

এর পরপরই তাদের দেয়া দ্বিতীয় বিবৃতিতে বলা হয়, তুরস্ক সামরিক বাহিনীর আরো তিন সৈন্য নিহত ও ছয় আহত হয়েছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কলিন টুইটার বার্তায় বলেন, ‘আমরা আফরিনে শাহাদৎবরণ করা আমাদের সৈন্যদের রুহের শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.