Sylhet Today 24 PRINT

বাংলাদেশি বিমান দুর্ঘটনায় পুতিনের শোক

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মার্চ, ২০১৮

কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনসের একটি বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো পৃথক শোকবার্তায় তিনি বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা এবং আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত শোকবার্তায় পুতিন বলেন, ‘কাঠমান্ডু বিমানবন্দরে বাংলাদেশি বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় আমি গভীর সমবেদনা জানাচ্ছি। এই দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবার ও তাদের স্বজনদের প্রতি আমার সহানুভূতি পৌঁছে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

উল্লেখ্য, ইউএস বাংলার বোম্বাইডার ড্যাস কিউ৪০০ উড়োজাহাজটি ঢাকা থেকে ৭১ জন আরোহী নিয়ে নেপালের উদ্দেশে রওনা হয়। রয়টার্স জানিয়েছে, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.