Sylhet Today 24 PRINT

রাশিয়ার ২৩ কূটনীতিককে বহিষ্কার করছে যুক্তরাজ্য

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৪ মার্চ, ২০১৮

সাবেক দুই গুপ্তচরকে বিষাক্ত নার্ভ এজেন্ট  প্রয়োগের দায়ে রাশিয়ার ২৩ কূটনীতিককে বহিষ্কার করছে যুক্তরাজ্য। গত ৩০ বছরের মধ্যে এই প্রথম এত সংখ্যক কূটনীতিককে এক সঙ্গে বহিষ্কারের ঘোষণা করলো দেশটি। এই কর্মকর্তাদের আগামী সাতদিনের মধ্যে ব্রিটেন ত্যাগ করতে বলা হয়েছে। বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এ ঘোষণা দিয়েছেন।

বিবিসি জানায়, গত ৪ মার্চ যুক্তরাজ্যের সালিসবেরির উইল্টশায়ারে একটি পার্কের বেঞ্চে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে ছিলেন সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল (৬৬) ও তার মেয়ে ইউলিয়া (৩৩)।

পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দলত্যাগের পর সাবেক রুশ গুপ্তচর স্ট্রিপাল যুক্তরাজ্যে বসবাস করছেন।

তেরেসা মে বলেন, ভিয়েনা কনভেনশনের আওতায় যুক্তরাজ্য ২৩ রুশ কূটনীতিককে বরখাস্ত করবে। ছদ্মবেশে থাকা গোয়েন্দা কর্মকর্তাদের এক সপ্তাহের মধ্যে যুক্তরাজ্য ছাড়তে হবে।

৪ মার্চের ওই ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল যুক্তরাজ্য। তবে রুশ কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি।

২৩ কূটনীতিককে বহিষ্কার ছাড়াও চলতি বছর অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপে রাশিয়ায় সরকারি প্রতিনিধি পাঠানো থেকেও যুক্তরাজ্য বিরত থাকবে বলে জানান তেরেসা।

তবে অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। যুক্তরাজ্যে রুশ দূতাবাসের পক্ষ থেকে যুক্তরাজ্যের এ সিদ্ধান্তকে 'অদূরদর্শী, অগ্রহণযোগ্য এবং অবিচার' বলে মন্তব্য করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.