Sylhet Today 24 PRINT

এফবিআইয়ের সাবেক উপপরিচালক বরখাস্ত

সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক |  ১৭ মার্চ, ২০১৮

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সাবেক উপপরিচালক অ্যান্ড্রু ম্যাকক্যাবিকে বরখাস্ত করা হয়েছে।

চাকরি থেকে অবসরে যাওয়ার মাত্র দুই দিন আগে শুক্রবার মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স তাকে বরখাস্ত করেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

এতে বলা হয়, গত জানুয়ারিতে ম্যাকক্যাবি এফবিআইয়ের উপপরিচালক পদে ইস্তফা দেন এবং তারপর থেকে ছুটিতে ছিলেন।

হিলারি ক্লিনটনের ইমেইল ব্যবহার ও মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগের প্রেক্ষাপটে এফবিআইয়ের পক্ষ থেকে যে তদন্ত করা হচ্ছিল তাতে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন ম্যাকক্যাবি।

আর মাত্র দু'দিন পরেই তার অবসরে যাওয়ার কথা ছিল। এরই মধ্যে বরখাস্ত হওয়ায় তিনি কিছু পেনশন সুবিধা হারাতে পারেন।

এদিকে, বরখাস্ত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ম্যাকক্যাবি জানিয়েছেন, এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করার পর যে ভূমিকা তিনি পালন করেছিলেন তাতে তাকেও যে চাকরি হারাতে হতে পারে সে 'ইঙ্গিত' তিনি আগেই পেয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.