Sylhet Today 24 PRINT

সু চির বিরুদ্ধে অস্ট্রেলিয়ার আদালতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

সিলেটটুডে ইন্টারন্যশনাল ডেস্ক  |  ১৭ মার্চ, ২০১৮

মিয়ানমারে রোহিঙ্গা নিধনের জন্য অং সান সু চিকে সরাসরি দায়ী করে বিচারের জন্য অস্ট্রেলিয়ার আদালতে আবেদন করা হয়েছে। আবেদনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে বিচার চাওয়া হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

গতকাল শুক্রবার অস্ট্রেলিয়ার কয়েকজন আইনজীবী মেলবোর্নের ম্যাজিস্ট্রেট আদালতে একটি প্রাইভেট প্রসিকিউশন আবেদন করেন। এই আবেদনে বলা হয়, মিয়ানমারে রোহিঙ্গারা নিরাপত্তা বাহিনীর দ্বারা পদ্ধতিগত নিপীড়নের শিকার হয়েছে।

আবেদনে আরও বলা হয়, রোহিঙ্গা নির্যাতন থামাতে সু চি তার ক্ষমতা ব্যবহারে ব্যর্থ হয়েছেন। যার আরেকটি অর্থ দাঁড়ায় রোহিঙ্গাদের জোরপূর্বক তাদের ঘর বাড়ি থেকে বিতাড়নের জন্য সেনাবাহিনীকে তিনি নিজেই সুযোগ করে দিয়েছেন।

আদালত ওই আবেদনটি মূল্যায়ন করছে আর আগামী সপ্তাহ নাগাদ সেটির ব্যাপারে সিদ্ধান্ত পাওয়া যাবে। একইসঙ্গে এটির কার্যক্রম শুরু করার বিষয় বিবেচনা করতে অ্যাটর্নি জেনারেল ক্রিশ্চিয়ান পর্টারের অফিসে আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছে।

কিন্তু ওই আবেদন আলোর মুখ দেখতে নাও পারে। কারণ এ ধরনের আবেদনের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলের সম্মতির প্রয়োজন হয়। কিন্তু অস্ট্রেলিয়া সরকারের আমন্ত্রণেই তিনি দেশটি সফর করছেন। এই অবস্থায় সু চিকে অস্ট্রেলিয়া সরকার বিব্রত করবে না বলেই মনে করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.