Sylhet Today 24 PRINT

ভারতে আনসারুল্লাহ টিমের সদস্য সন্দেহে আটক ৩

সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক |  ১৭ মার্চ, ২০১৮

জঙ্গিগোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সন্দেহভাজন তিন বাংলাদেশিকে ভারতে আটক করা হয়েছে। জঙ্গিদের আশ্রয় দেয়ার অভিযোগে শুক্র ও শনিবার ভারতের মহারাষ্ট্রের পুনে থেকে তাদের আটক করে দেশটির পুলিশ। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

ভারতের ইংরেজি দৈনিক দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, আটক তিন বাংলাদেশির বিরুদ্ধে মহারাষ্ট্রে অবৈধভাবে বসবাস ও এবিটির সদস্যদের আশ্রয় দেয়ার অভিযোগ আনা হয়েছে।

মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াডের (এটিএস) এক সিনিয়র কর্মকর্তা বলেন, গত পাঁচ বছর ধরে ওই তিন বাংলাদেশি কোনো ধরনের বৈধ কাগজপত্র ও ভ্রমণ নথি ছাড়াই পুনের ওয়ানাভাদি ও আকুর্দি এলাকায় বসবাস করে আসছিল। তাদের বয়স ২৫ থেকে ৩১ বছরের মধ্যে। খুলনা অথবা শরীয়তপুরের বাসিন্দা তারা। জিজ্ঞাসাবাদে এবিটির সদস্যদের মহারাষ্ট্রের পুনেতে আশ্রয় ও সহায়তা দেয়ার কথা স্বীকার করেছে তারা।

তিনি বলেন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার মহারাষ্ট্র এটিএসের সদস্যরা ওয়ানাভাদিতে অভিযান চালায়। এ সময় একজনকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে আরও দুই বাংলাদেশির ব্যাপারে তথ্য পাওয়া যায়। পরে আকুর্দি এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.