Sylhet Today 24 PRINT

মিয়ানমারের প্রেসিডেন্টের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক |  ২১ মার্চ, ২০১৮

মিয়ানমারের প্রেসিডেন্ট উ থিন কিয়াও পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট কার্যালয়ের তরফে দেয়া একটি ফেসবুক পোস্টের অস্বাক্ষরিত নোটিশে একথা জানানো হয়।

নোটিশে বলা হয়, প্রেসিডেন্ট উ থিন কিয়াও ২১ মার্চ পদত্যাগ করেছেন। কারণ তিনি ‘‘বিশ্রাম নিতে চান।’’

ফ্রন্টিয়ার মিয়ানমার নামের একটি পত্রিকায় বুধবার এ সংক্রান্ত এক প্রতিবেদন ছাপানো হয়। প্রতিবেদনে বলা হয়, ফেসবুকে দেয়া নোটিশে সরকার জানিয়েছে আগামী ৭ কার্যদিবসের মধ্যে ভাইস প্রেসিডেন্ট উ মিইন্ত সোয়ে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে তার স্থলাভিষিক্ত হবেন। তবে মিয়ানমারের পার্লামেন্ট ‘পিদাউংসু’ তার বিকল্প কাউকে মনোনীত করার আগ পর্যন্ত উ মিইন্ত সোয়ে কাজ চালিয়ে যাবেন।

উল্লেখ্য, দু’বছরেরও কম সময়ের মধ্যে প্রেসিডেন্ট উ থিন কিয়াও পদত্যাগ করে ক্ষমতা থেকে সরে গেলেন। উ থিন কিয়াও পদত্যাগ করতে যাচ্ছেন, গত প্রায় এক বছর ধরে এমন একটি জল্পনা চলছিল। তবে সরকার ও অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেতারা এই জল্পনাকে স্রেফ গুজব বলে দাবি করে আসছিলেন।

সম্প্রতি সরকারের তরফ থেকে জানানো হয়, উ থিন কিয়াও বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। চিকিৎসার জন্য তাকে বেশ কয়েকবার বিদেশে যেতে হয়েছে। সর্বশেষ গত জানুয়ারিতেও তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.