সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক | ২২ মার্চ, ২০১৮
বাংলাদেশকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেছেন ভারতের আসাম রাজ্যের বিজেপি নেতা ও রাজ্যসভার এমএলএ শিলাদিত্য দেব।
১৯৭১ সালে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়কে ভারতের জন্য একটি বড় ভুল আখ্যা দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতা শিলাদিত্য দেব। আসামের হোজাই জেলার এই বিধায়ক মনে করেন, স্বাধীনতার পরই দেশটিকে ভারতের অন্তর্ভুক্ত করা উচিত ছিল।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোমবার আসামের নাগাঁও শহরে স্থানীয় একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আসামের এই বিধায়ক বলেন, ‘পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে সৃষ্ট নতুন বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত না করে ইন্দিরা গান্ধী (ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী) ও তার কংগ্রেস সরকার বড় ধরনের ভুল করেছে। আসলে বাংলাদেশের অভ্যুদয়ই ছিল একটা বড় ভুল। কিন্তু বাংলাদেশকে ভারতের অঙ্গীভূত করার মধ্য দিয়ে এই ভুল শোধরানো সম্ভব ছিল।’
টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, এমন বক্তব্যের পর পত্রিকাটির পক্ষ থেকে শিলাদিত্যের সাথে যোগাযোগ করা হয়। তখনও তিনি তার বক্তব্যে অটল থেকে বলেছেন, ‘রাজ্যের (আসাম) জনসংখ্যার চিত্র বদলে যাবার পেছনে মূলত প্রতিবেশী দেশটি থেকে মুসলিমদের আগমনই দায়ী।’
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া