Sylhet Today 24 PRINT

ভারতে গো-মাংস বিক্রেতাকে হত্যায় ১১ জনের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক |  ২২ মার্চ, ২০১৮

ভারতের ঝাড়খণ্ডে গতবছর গরুর মাংস বিক্রির অভিযোগে এক মুসলিমকে পিটিয়ে হত্যার অপরাধে বিজেপি নেতা নিত্যানন্দ মাহাতোসহ ১১ গো রক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আলিমুদ্দিন আনসারি (৫৫) নামের ওই ব্যবসায়ীকে গরুর মাংস বহনের অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। গো রক্ষার নামে সহিংসতার ঘটনায় এটাই ভারতে প্রথম সাজা দেওয়ার ঘটনা।

ঝাড়খণ্ডের রামগড় জেলার ফাস্ট ট্র্যারক কোর্টের অতিরিক্ত দ্বিতীয় বিচারক ওম প্রকাশ এ রায় দেন। একইসঙ্গে নিহতের পরিবার যাতে যাবতীয় ক্ষতিপূরণ পায় তা নিশ্চিত করতে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনার সময় দ্বাদশ আসামি ১৬ বছরের কিশোর থাকায় তার সাজা আপাতত স্থগিত রেখেছেন বিচারক। তবে আদালতে  সরকারি আইনজীবী প্রসিকিউটর সুশিল কুমার নারকীয় ওই ঘটনায় জড়িত কিশোরটিকে প্রাপ্তবয়স্ক হিসেবেই বিচার করার আবেদন জানিয়েছিলেন।

সাজাপ্রাপ্ত অন্যরা হলেন সন্তোষ সিং, দীপক মিশ্র, ছোটু বর্মা, ভিকি সাও, সিকান্দার রাম, বিক্রম প্রসাদ, রাজু কুমার, রোহিত ঠাকুর, কপিল ঠাকুর এবং উত্তম রাম।

রায়ের পর নিহত আলিমুদ্দিন আনসারির ছেলে সোবহান আনসারি জানান, এই রায়ে তাদের পরিবার সন্তুষ্ট। তবে এই ঘটনায় রাজ্য সরকারের কাছ থেকে কোনো ক্ষতিপূরণ না পাওয়ায় হতাশ তারা।

এর আগে গত বছরের জুনে আলিমুদ্দিন আনসারিকে গরুর মাংস বহনের অভিযোগে পিটিয়ে হত্যা করেন স্থানীয় গো রক্ষা সমিতির সদস্যরা। এসময় তার গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এঘটনায় সারা ভারতে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.