Sylhet Today 24 PRINT

জার্মানিতে আটক কাতালান সাবেক প্রেসিডেন্ট

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মার্চ, ২০১৮

কাতালুনিয়ার স্বাধীনতাপন্থী নেতা ও সাবেক প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন জার্মানিতে আটক হয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার আওতায় পুলিশ তাকে আটক করে।

পুজদেমন শুক্রবার ফিনল্যান্ড থেকে ডেনমার্ক হয়ে জার্মানিতে প্রবেশ করেন। ডেনমার্ক সীমান্তবর্তী জার্মানির স্লেজউইগ হলস্টাইন রাজ্যের হাইওয়ে পুলিশ রোববার সকাল ১১ টা ১৯ মিনিটের দিকে তাকে আটক করে।

পুজদেমনকে কাস্টডিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন জার্মান পুলিশের এক মুখপাত্র। স্পেন থেকে পালিয়ে নির্বাসনে থাকা এই নেতা বেলজিয়ামে ফেরত যাচ্ছিলেন বলে জানানো হয়েছে খবরে।

বিদ্রোহ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে স্পেনে পুজদেমন ওয়ান্টেড তালিকায় আছেন। সেখানে হস্তান্তরিত হলে অবৈধভাবে কাতালুনিয়ায় গণভোট আয়োজন করা এবং একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করার অভিযোগ তার ২৫ বছরের জেল হতে পারে।

গত বছরের অক্টোবরে কাতালুনিয়ার পার্লামেন্ট একতরফাভাবে স্পেনের স্বাধীনতা ঘোষণার পর থেকে বেলজিয়ামে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন পুজদেমন। গত বৃহস্পতিবার থেকে পুজদেমন ফিনল্যান্ড সফরে ছিলেন। কিন্তু সেখানে গ্রেপ্তার হওয়া এবং স্পেনে হস্তান্তর প্রক্রিয়া শুরুর অশঙ্কায় তিনি শুক্রবার ফিনল্যান্ড থেকে চলে যান।

গত বছর স্পেন সরকারের নিষিদ্ধঘোষিত এক গণভোটে কাতালুনিয়ার স্বাধীনতার পক্ষে জনরায় আসার পর কাতালান নেতারা স্বাধীনতার ঘোষণা করেছিলেন। একতরফা এ ঘোষণার পর কাতালুনিয়ার স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নিয়ে এবং আঞ্চলিক সরকারকে বরখাস্ত করে সেখানে নতুন নির্বাচনের ঘোষণা দেয় মাদ্রিদের কেন্দ্রীয় সরকার।

গণভোটকে অবৈধ অ্যাখ্যা দিয়ে স্প্যানিশ আদালতে কাতালান নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ, ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়।

গত শুক্রবার স্পেনের সর্বোচ্চ আদালত এক রায়ে স্বাধীনতাপন্থী ২৫ জন কাতালান নেতাকে বিদ্রোহের অভিযোগে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর ঘোষণা দিয়েছে। এ রায় নিয়ে কাতালুনিয়ায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। কাতালানের স্বাধীনতার আন্দোলনের বিরুদ্ধে এ রায়কে সবচেয়ে বড় ধরনের চ্যালেঞ্জ হিসাবেই দেখা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.