Sylhet Today 24 PRINT

গাজায় সংঘর্ষ, ১৬ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক |  ৩১ মার্চ, ২০১৮

গাজা উপত্যকার  ইসরায়েল সীমান্ত বরাবর ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর চালানো গুলিতে কমপক্ষে ১৬ জন বিক্ষোভকারী নিহত ও ৭৫০ আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

সীমান্ত বরাবর ফিলিস্তিনিদের ডাক দেওয়া বিশাল বিক্ষোভে শুক্রবার কয়েকটি স্থানে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সঙ্গে এ সংঘর্ষ ঘটে। ফিলিস্তিনের ৪২তম ‘ভূমি দিবস’ উপলক্ষে ওই বিক্ষোভ ডাকা হয়। সেখানেই হাজারো বিক্ষোভকারীর ওপর কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে ইসরায়েলি সেনারা।

ফিলিস্তিনি বিক্ষোভকারীরা সীমান্ত বেষ্টনী বরাবর ৫ টি জায়গায় সমবেত হয়ে বিক্ষোভ করছে। ছয় সপ্তাহব্যাপী বিক্ষোভের পরিকল্পনার অংশ হিসাবে তারা সেখানে তাঁবু খাটিয়ে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। বিক্ষোভকারীদের সংখ্যা আনুমানিক ৩০ হাজার বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

১৯৪৮ সালে শরণার্থী হওয়া লাখ লাখ মানুষকে ইসরায়েলের দখলে থাকা এলাকায় ফিরতে বাধা দেওয়ার প্রতিবাদে সীমান্ত বরাবর এ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।

শুরুর দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে ৩০ মার্চকে; ১৯৭৬ সালের এদিন ভূমি দখলের প্রতিবাদ জানাতে গিয়ে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে ছয় বিক্ষোভকারী নিহত হন।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের দল হামাস ছয় সপ্তাহব্যাপী কর্মসূচি ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ এর ডাক দিয়েছে।

হামাসের অভিযোগ, ফিলিস্তিনিদের ভয় দেখাতে এবং বিক্ষোভ থেকে দূরে সরিয়ে রাখতেই ইসরায়েল গোলা ছুড়ছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘যুদ্ধে জড়ানোর উসকানি দিতেই’ হামাসের এ বিক্ষোভের ডাক। বিক্ষোভকে কেন্দ্র করে কোনো সহিংসতার জন্য হামাস এবং বিক্ষোভে অংশ নেওয়া ফিলিস্তিনি সংগঠনগুলোই দায়ী হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, সীমান্ত বেষ্টনী বরাবর ৫ টি স্থানে প্রায় ১৭ হাজার ফিলিস্তিনি অবস্থান নিয়েছে। দাঙ্গা-হাঙ্গামা ঠেকাতে সেনারা কেবল বিক্ষোভের হোতাদের লক্ষ্য করেই গোলা ছুড়ছে বলে জানিয়েছে আইডিএফ।

ফিলিস্তিনিদেরকে সীমান্ত থেকে দূরে সরিয়ে দিতে ইসরায়েল টিয়ার গ্যাস ব্যবহারের পাশাপাশি ট্যাংক এবং স্নাইপারও মোতায়েন করেছে বলে জানানো হয়েছে বিবিসি’র খবরে।

সংঘর্ষে নিহতদের মধ্যে ১৬ বছরের এক বালক আছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা। তারা জানান, শুক্রবার বিক্ষোভ শুরুর আগেই ২৭ বছর বয়সের এক কৃষক ইসরায়েলের ট্যাংকের গোলায় নিহত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.