Sylhet Today 24 PRINT

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ২৪ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক |  ০৬ এপ্রিল, ২০১৮

ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইকে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। শুক্রবার (৬ এপ্রিল) পার্কের এই রায় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

আদালত একইসঙ্গে দুর্নীতির অভিযোগে পার্ককে ১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার জরিমানা করেছে।

দক্ষিণ কোরিয়ার ইতিহাসে পার্কই ছিলেন প্রথম নারী প্রেসিডেন্ট। এছাড়া দেশটির ইতিহাসে তিনিই একমাত্র প্রেসিডেন্ট যাকে গত বছর দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত করা হয়।

রায়ে বিচারক কিম সিউ উন বলেছেন, ‘বিবাদী জনগণের আস্থা রাখা প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার করেছে এবং পরিণতিতে রাষ্ট্রীয় বিষয়ে ব্যাপক বিশৃঙ্খলা বয়ে নিয়ে এসেছেন এবং প্রেসিডেন্টকে অভিশংসনের মুখে ফেলেছেন, যা ছিল অগ্রহণযোগ্য।’

রায়ে বলা হয়েছে, বান্ধবী চই সুন সিলের সঙ্গে যোগসাজশে পার্ক স্যামসাং ও লোটের মত কোম্পানিকে অবৈধ সুবিধা দিয়ে ২৩ দশমিক ১ বিলিয়ন উন (দক্ষিণ কোরিয়ার মুদ্রা) নিয়েছেন এবং ওই অর্থে চইয়ের নামে দুটি দাতব্য সংস্থা গড়ে তুলেছেন বলে প্রমাণিত হয়েছে।

সরকার পক্ষ শাস্তি হিসেবে পার্কের ৩০ বছরের কারাদণ্ড ও ১১৮ দশমিক ৫ বিলিয়ন উন জরিমানা ধার্য্যের আবেদন করেছিল আদালতে।

গত বছরের মার্চ থেকে কারাগারে থাকা ৬৬ বছরের পার্ক সম্পর্কে আদালত বলেছে, তার মধ্যে এই কর্মকাণ্ডের জন্য কোনো অনুশোচনা দেখা যায়নি। কিন্তু তিনি এর পরিবর্তে বান্ধবী চই ও তার সচিবদের ওপর দায়ভার চাপানোর চেষ্টা করেছেন।

বিচারক কিম বলেন, ‘আমরা তাকে গুরুতরভাবে দোষী সাব্যস্ত করা ছাড়া অন্য কিছুই করতে পারিনি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.