আন্তর্জাতিক ডেস্ক | ০৫ মে, ২০১৮
উপসাগরীয় দেশগুলোর মধ্যে খ্রিস্টান উপাসনালয় বা গির্জা নেই- এমন দেশের তালিকায় আর থাকছে না সৌদি আরবের নাম। দেশটিতে গির্জা প্রতিষ্ঠা করতে স্থানীয় এক ওয়াহাবি নেতা ও ভ্যাটিকানের কার্ডিনালের মধ্যে ইতিমধ্যে একটি চুক্তি সই হয়েছে।
সৌদি আরবের অন্যতম ওয়াহাবি এনজিও মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব শেখ মোহাম্মদ বিন আবদেল কারিম আল ইসসা ও লুইস তাওরিনের মধ্যে এই চুক্তিটি সই হয়েছে।
জানা গেছে, তারা কেবল একটি উপাসনালয় নির্মাণ করেই ক্ষান্ত হবেন না, প্রতি দুই বছর পর পর মুসলিম-খ্রিষ্টান সম্মেলনের আয়োজন করারও পরিকল্পনা করেছেন।
এক জ্যেষ্ঠ ক্যাথলিক কর্মকর্তা জানান, এটা হবে আমাদের সম্পর্ক পুনঃস্থাপনের শুরু। সৌদি কর্তৃপক্ষ দেশটিকে এক নতুন পরিচয় ও রূপে হাজির করতে চাচ্ছেন, এটা তারই আলামত।
আন্তঃধর্মীয় সংলাপের জন্য গঠিত বিশপ পরিষদের প্রধান জন লুইস তাওরিন গত মাসে এক সপ্তাহের জন্য সৌদি সফরে গিয়েছিলেন। তার এ সফর নিয়ে সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যমগুলো অনেক সংবাদ পরিবেশন করলেও আন্তর্জাতিক পত্রিকাগুলো নিশ্চুপ ছিল। রিয়াদ সফরে লুইস তাওরিন সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানসহ বেশ কয়েকজন ধর্মীয় নেতার সঙ্গে বৈঠক করেন।
গত কয়েক দশকে সৌদি আরবে বহু অমুসলিম অভিবাসী আশ্রয় নিয়েছেন। দেশটিতে এখন প্রায় ১৫ লাখ অভিবাসী রয়েছেন, যাদের অধিকাংশ ফিলিপাইন থেকে এসেছেন।