আন্তর্জাতিক ডেস্ক | ০৫ মে, ২০১৮
যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের মাউন্ট কিলাউয়া আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে লাভা উদগিরণ শুরু হওয়ায় জরুরি অবস্থা জারি করে স্থানীয়দের সরিয়ে নেয়া হয়েছে।
এছাড়া শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৯ বলে জানিয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ভূমিকম্পটির প্রভাবেই সেখানে নতুন করে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।
প্রাকৃতিক এই দুর্যোগের কারণে কাছের আবাসিক এলাকাগুলো হুমকির মুখে পড়েছে।
সংস্থাটি জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৩২ মিনিটে ভূপৃষ্ঠের মাত্র পাঁচ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল কিলাউয়েয়া আগ্নেয়গিরির দক্ষিণ প্রান্তে।
দ্বীপটিতে একের পর এক ভূমিকম্প আঘাত হানায় সেখানে বৃহস্পতিবার প্রথম অগ্ন্যুৎপাত শুরু হয়।
ইউএসজিএস টুইটারে ওই বিবৃতিতে আরও জানায়, ১৯৭৫ সালে যে স্থানে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল, প্রায় সেই একই স্থানে ভূমিকম্পটি আঘাত হেনেছে।
এই ভূমিকম্পে দুই জনের মৃত্যু ও ২৮ জন আহত হয়েছে। শুক্রবার ভোরে ৫.৭ মাত্রার অপর একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তারা আরও ভূমিকম্পের আশঙ্কা করছে।
ভূমিকম্পটির প্রভাবে কিলাউয়া আগ্নেয়গিরি থেকে লাভা উদগিরণ ঘটেছে। দ্বীপটিতে যে পাঁচটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, এটি তার অন্যতম।
লিলানি এসস্টাটেস ও লানিপুনা গার্ডেনস এলাকায় রাস্তার ফাটল দিয়ে গলিত উত্তপ্ত লাভা উদগিরণ হতে পারে।
বৃহস্পতিবার এলাকা দুটির বাসিন্দাদের অন্যত্র চলে যাবার নির্দেশ দেয়া হয়েছে। ওই অঞ্চলে প্রায় এক হাজার সাতশ লোকের বাস ও সাতশ ৭০টি স্থাপনা ও অবকাঠামো রয়েছে।
এই অঞ্চলের প্রায় ১০ হাজার মানুষের বাসস্থান প্রাকৃতিক দুর্যোগটিতে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবারের অগ্ন্যুৎপাতে কেউ আহত না হলেও কয়েকটি বাড়িঘর ধ্বংস অথবা ব্যাপক ক্ষতি হয়েছে।