Sylhet Today 24 PRINT

যুগলজীবনে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মে, ২০১৮

বৃটিশ যুবরাজ হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের বিয়ে সম্পন্ন হয়েছে। ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে অনন্য এক জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। সেন্ট জর্জ চ্যাপেলে রানী দ্বিতীয় এলিজাবেথ ও অভিজাত ৬০০ অতিথির উপস্থিতিতে পরস্পরকে বিয়ের বন্ধনে জড়ালেন তারা। রাজপরিবারের এই নতুন দম্পতি এখন থেকে পরিচিত হবেন ডিউক ও ডাচেস অব সাসেক্স হিসেবে।

সাদা ধবধবে পোশাকে বিয়ের জন্য গির্জায় হাজির হন মেগান মেরকেল। আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন বর প্রিন্স হ্যারি এবং তাঁর ভাই ও বেস্ট ম্যান প্রিন্স উইলিয়াম। মেগেনের বিয়ের পোশাক ধরে ছিলেন প্রিন্স উইলিয়ামের ছেলে প্রিন্স জর্জ। হবু শ্বশুর প্রিন্স চার্লসের হাত ধরে বিয়ের মঞ্চে আসেন মেগান। এরপর মঞ্চে উপস্থিত হয়ে সেন্টারবুরির যাজক জাস্টিন উইলবি তাদের বিয়ে পড়ান।

ছোট নাতির বিয়েতে ছিলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। একটি ছাদখোলা গাড়িতে স্বামী প্রিন্স ফিলিপের সঙ্গে করে গির্জায় হাজির হন রানি। আর শুরুতেই হেঁটে গির্জার উদ্দেশ্যে রওয়ানা হন প্রিন্স হ্যারি ও উইলিয়াম। সে সময় তারা রাস্তায় দুপাশে থাকা ভিড়ের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এর আগে মায়ের সঙ্গে গাড়িতে চড়ে চার্চের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন পাত্রী মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল।

বিয়ের অনুষ্ঠান শুরুর বেশ আগেই দলে দলে অতিথিরা অনুষ্ঠানে আসতে শুরু করেন। আমন্ত্রিত অতিথি এবং সাধারণ দর্শকও উইন্ডসর ক্যাসেলের মাঠে উপস্থিত জড়ো হন। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন অপরাহ উইনফ্রে, জর্জ ও আমাল ক্লুনি, ডেভিড ও ভিক্টোরিয়া বেকহ্যাম ও স্যার এলটন জন।

বিয়ে শেষে উইন্ডসর শহরে ঘোড়ার গাড়িতে ঘুরে বেড়ানোর কথা নবদম্পতির। সেখানে অতিথিরা তাদের অভ্যর্থনা জানাবেন। সন্ধ্যায় ফ্রগমোর হাউসে হ্যারি - মেগানের সম্মানে দুই শতাধিক ঘনিষ্ঠ অতিথিদের উপস্থিতিতে প্রিন্স চার্লসের উদ্যোগে বিশেষ পার্টি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.