Sylhet Today 24 PRINT

হাওয়াই পৌঁছলো সৌরবিমান সোলার ইমপালস টু

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৫ জুলাই, ২০১৫

সৌরশক্তি চালিত বিমান সোলার ইমপালস টু অবশেষে প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে ৮ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে জাপান থেকে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে পৌঁছেছে। পৃথিবী পরিক্রমা শেষ করতে বিমানটিকে আটলান্টিক মহাসাগরও পাড়ি দিতে হবে।

প্রায় ১১৮ ঘণ্টার একক উড়াল শেষে ইমপালস টু স্থানীয় সময় শুক্রবার (৩ জুলাই) ভোরের কিছুক্ষণ পর হাওয়াইয়ের ওয়াহু দ্বীপের কালায়েলোয়া বিমানবন্দরে অবতরণ করে।

এককভাবে এই দীর্ঘপথ পাড়ি দিয়ে নতুন রেকর্ডের মালিকও হয়েছেন বিমানের একমাত্র চালক ও যাত্রী আদ্রেঁ বোর্শবার্গ। এর আগে দীর্ঘতম একক উড়ালের রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের নাগরিক স্টিভ ফসেটের। ২০০৬ সালে তিনি এ রেকর্ড করেছিলেন।

তিনি বলেছেন, বিমানটি চালিয়ে তিনি খুবই আনন্দিত, কারণ এটি তার জন্য ছিল একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। হাওয়াই অবতরণের পর তিনি টুইট করেন, ‘একটি স্বপ্ন সত্যি হওয়া।’

এখন বিমানটি কয়েকদিন পরীক্ষা নিরীক্ষার কাজ চলবে। পরবর্তী ধাপে হাওয়াই থেকে বিমানটি আমেরিকার অ্যারিজোনার ফিনিক্সের উদ্দেশে যাত্রা করবে। সেখান থেকে নিউইয়র্ক হয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পৌঁছবে।

৯ মার্চ আবুধাবি থেকে যাত্রা শুরুর পর ওমান, ভারত, মিয়ানমার ও চীনে কয়েক দফা যাত্রা বিরতি করে বিমানটি। এপ্রিলে খারাপ আবহাওয়ার কারণে চীনের নানজিংয়ে বিমানটিকে পাঁচ সপ্তাহ বসে থাকতে হয়। ২৮ জুন বিমানটি জাপান থেকে হাওয়াইয়ের উদ্দেশে যাত্রা শুরু করে।

জীবাস্মবিহীন জ্বালানি ব্যবহারে উৎসাহ যোগাতে সৌরশক্তি চালিত সোলার ইমপালস পৃথিবী প্রদক্ষিণ করছে। আবুধাবি থেকে যাত্রা শুরু করে, আবার সেখানে গিয়েই তার যাত্রা শেষ হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.