Sylhet Today 24 PRINT

‘বাবার দরকার নেই, অবিবাহিত মায়েরাই সন্তানের অভিভাবক হতে পারবেন’

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুলাই, ২০১৫

অবিবাহিত মায়েরা এ বার সন্তানের অভিভাবক হতে পারবেন সন্তানের পিতার সম্মতি ছাড়াই। সোমবার এই রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। সরকারি চাকুরে এক অবিবাহিত মায়ের আবেদনের ভিত্তিতে এ দিন এই রায় দিল আদালত।

এত দিন আইন অনুযায়ী অবিবাহিত মায়ের সন্তানের অভিভাবক নিয়ে প্রশ্ন উঠলে সন্তানের পিতার কাছে সম্মতি চাইতে হত। এর বিরুদ্ধে মামলা করেছিলেন সরকারি চাকুরে ওই মহিলা। একই সঙ্গে পিতার পরিচয় গোপন রাখার দাবিও করেন তিনি।

আদালতে তিনি জানিয়েছিলেন, তাঁর সন্তানের পিতার সঙ্গে মাত্র দু’মাস কাটিয়েছিলেন তিনি। তাঁদের বিয়ে তো দূর অস্ত্, তার পরে তাঁর সঙ্গে ওই ব্যক্তির কোনও যোগাযোগ নেই বলে আদালতে জানান ওই মহিলা। তা ছাড়া ওই ব্যক্তিও সন্তান জন্মানোর বিষয়ে কিছু জানেন না।

প্রথমে দিল্লির ট্রায়াল কোর্ট পরে দিল্লি হাইকোর্ট মহিলার আবদনের বিরুদ্ধে রায় দেয়। এর পরে ওই মহিলা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এ দিন বিচারপতি বিক্রমজিৎ সেন ওই মহিলার পক্ষে রায় দেন। বিচারপতি জানিয়েছেন, নিম্ন আদালত বিষয়টিতে ঠিকমতো দৃষ্টি দেয়নি। নিম্ন আদালতে রায়ের সময়ে শি‌শুটির কল্যাণের কথাও মাথায় রাখা হয়নি বলে বিচারপতি বিক্রমজিৎ সেন তাঁর রায়ে জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.