Sylhet Today 24 PRINT

জাতিগত সংঘাতে গুজরাট থেকে পালাচ্ছে হিন্দিভাষীরা

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০১৮

ভারতের গুজরাটে একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে জাতিগত সংঘাতের জেরে রাজ্যটি থেকে পালাচ্ছে হিন্দিভাষীরা। বিজেপি-শাসিত রাজ্যটির পুলিশ বলছে, সংঘাত রুখতে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম বলছে, জাতিগত সংঘাতের কারণে প্রতিদিনই অসংখ্য হিন্দিভাষী শ্রমিক শ্রেণির মানুষ গুজরাট ছেড়ে নিরাপদস্থানে চলে যাচ্ছে।

উল্লেখ্য, গুজরাটে বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং ঝাড়খন্ডসহ ভারতের বিভিন্ন রাজ্যের কয়েক লাখ শ্রমিক বাস করে।

ভারতীয় গণমাধ্যম বলছে, সম্প্রতি এ গুজরাটে কাজের জন্যে আসা বিহারের এক বাসিন্দার বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে। এরপর থেকেই সেখানে গুজরাটি ভাষা ছাড়া অন্য ভাষাভাষী শ্রমিকদের ওপর অত্যাচার শুরু হয়।

সে কারণে জীবন বাঁচাতে গত কয়েকদিন গুজরাট ছেড়ে পালিয়েছে বিহার-উত্তরপ্রদেশের হিন্দিভাষী হাজার হাজার শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যরা।

জি নিউজের এক খবরে বলেছে, এখন পর্যন্ত ৫০ হাজার শ্রমিক গুজরাট থেকে তাদের নিজেদের রাজ্যে চলে গেছে।

পশ্চিমবাংলার আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, সংঘাতের ঘটনায় অন্তত ৩৪২ জনকে গ্রেপ্তার করেছে গুজরাটের পুলিশ। মামলা হয়েছে ৪২টি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.