Sylhet Today 24 PRINT

সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা, ‘৬০ জঙ্গি নিহত’

আন্তর্জাতিক ডেস্ক |  ১৭ অক্টোবর, ২০১৮

সোমালিয়ায় একটি বিমান হামলায় আল শাবাব জঙ্গিগোষ্ঠীর প্রায় ৬০ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

শুক্রবার সোমালিয়ার মধ্যাঞ্চলীয় হারারদেরে এলাকায় হামলাটি চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন বাহিনী।

বিবৃতিতে দাবি করা হয়েছে ‘নিখুঁত’ ওই হামলা কোনো বেসামরিক হতাহত হয়নি।

যুক্তরাষ্ট্র জানিয়েছে জঙ্গিগোষ্ঠী আল শাবাবের বিরুদ্ধে সোমালি বাহিনীগুলোর সঙ্গে এক যৌথ অভিযানের অংশ হিসেবে হামলাটি চালানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ২০১৭ সালে আরেকটি বিমান হামলায় ১০০ জঙ্গি নিহত হওয়ার পর থেকে এবারের হামলাটিই গোষ্ঠীটির বিরুদ্ধে চালানো সবচেয়ে প্রাণঘাতী বিমান হামলা।

শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের এই বিবৃতির বিষয়ে কোনো মন্তব্য করেনি আল শাবাব।

যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ডের ওই বিবৃতিতে বলা হয়, আমাদের সোমালি ও আন্তর্জাতিক অংশীদারদের পাশে নিয়ে আল শাবাবকে বিভিন্ন নিরাপদ আশ্রয়ের সুবিধা নেওয়া, সেখানে অবস্থান করে নিজেদের সক্ষমতা বাড়ানো ও সোমালি লোকজনের ওপর হামলা করা থেকে বিরত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

চলতি বছর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সোমালিয়ায় ড্রোন হামলাসহ দুই ডজনেরও বেশি বিমান হামলা চালিয়েছে বলে খবর আন্তর্জাতিক গণমাধ্যমের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.