Sylhet Today 24 PRINT

ইরানচুক্তির বিরোধিতাকারীদের সমালোচনায় ওবামা

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৭ জুলাই, ২০১৫

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরান চুক্তির বিরোধিতাকারীদের এক হাত নিয়ে বললেন, তারা বিশ্বের ৯৯ শতাংশ মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং তেহরানের পরমাণু সমস্যার সত্যিকার কোনো বিকল্প প্রস্তাব দিতেও ব্যর্থ হয়েছেন।

বুধবার সাংবাদিকদের তিনি বলেন, দেশে বিদেশে যারাই চুক্তিটির বিরোধিতা করছে তারাই মূলত যুদ্ধকেই সমাধানের একমাত্র উপায় বলে চিহ্নিত করছেন।

ওবামা বলেন, বিশ্বের ৯৯ শতাংশ লোক এবং অধিকাংশ পরমাণু বিশেষজ্ঞ চুক্তির মধ্যদিয়ে ইরানকে পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। যদি কেউ এর বিপক্ষে থাকেন তবে তার উচিত বিকল্প প্রস্তাব দেয়া।

তিনি বলেন, কিন্তু আমি তা শুনিনি। ফলে আমাদের কাছে কেবলমাত্র দুটি পথই খোলা ছিল। এর একটি সমস্যার কূটনৈতিক সমাধান এবং অপরটি যুদ্ধ।

এদিকে ওবামার বিরোধী পক্ষ রিপাবলিকানরা তার বিরুদ্ধে আপোষকামিতার অভিযোগ এনেছেন। তারা চুক্তি নিয়ে কংগ্রেসে ভোটাভুটিকালে এর বিপক্ষে অবস্থান নেয়ারও পরিকল্পনা করছেন। এছাড়া ইসরাইল এ চুক্তিকে ঐতিহাসিক ভুল হিসেবে বর্ণনা করেছে।

ওবামা আরো বলেন, কেউ যদি বিষয়টি নিয়ে বিতর্ক করতে চান যেমন রিপাবলিকান নেতৃত্ব, প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিংবা ইসরাইলী দূত তারা স্বাধীনভাবেই তা করতে পারেন, কিন্তু তার তেমন কোন প্রভাব পড়বে না।

মার্কিন স্বার্থ ও মূল্যবোধের জন্যে ইরানকে এখনও চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের সঙ্গে যে মতপার্থক্য তা এ চুক্তির মাধ্যমে দূর হবে না।

উল্লেখ্য,দুই বছরের দীর্ঘ আলোচনা শেষে মঙ্গলবার ভিয়েনায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। আশা করা হচ্ছে এ চুক্তির ফলে ইরানকে তার পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.