Sylhet Today 24 PRINT

মার্কিন বিমান হামলায় জ্যেষ্ঠ তালেবান কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক |  ০৩ ডিসেম্বর, ২০১৮

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় তালেবানের সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডারদের মধ্যে অন্যতম একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শনিবার রাতে হেলমান্দের নওজাদ জেলায় তিনি নিহত হন বলে প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন।

বিবিসি জানায়, নিহত মোল্লা আব্দুল মানান আখুন্দ দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের তালেবান ‘গভর্নর’ ও সামরিক বাহিনীর প্রধান ছিলেন।

আখুন্দের মৃত্যুকে ‘বিশাল ক্ষতি’ বলে বর্ণনা করলেও আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণের চেষ্টা থেকে তাদের বিরত করা যাবে না বলে জানিয়েছে তালেবান।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ দাবি করেছেন, আখুন্দের মৃত্যু তালেবানের জন্য একটা বড় ধরনের ধাক্কা এবং এতে দক্ষিণাঞ্চলে তাদের যোদ্ধাদের ‘মনোবল কমে যাবে’।

২০১৪ সালে আফগানিস্তানে মোতায়েন বহুজাতিক জোট বাহিনীর স্থল সেনাদের প্রত্যাহারের আগে হেলমান্দ আট বছর ধরে ব্রিটিশ সেনাদের ঘাঁটি ছিল। এখন এই প্রদেশটির অধিকাংশ এলাকা ফের তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.