Sylhet Today 24 PRINT

রাশিয়ায় ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৭

আন্তর্জাতিক ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০১৯

রাশিয়ায় 'গ্যাস বিস্ফোরণে' একটি অ্যাপার্টমেন্ট ভবনের একটি অংশ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জন।

বুধবার (২ জানুয়ারি) আঞ্চলিক জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সবার মৃতদেহ ভবনটির ধসে পড়া অংশের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় পাঁচজন নিখোঁজ রয়ে গেছেন।

সোমবার ভোররাতে মস্কো থেকে এক হাজার ৭০০ কিলোমিটার পূর্বে দক্ষিণ উরাল অঞ্চলের শিল্প শহর মাগনিতাগোর্সকে ১০ তলা একটি ভবনের একটি অংশ ধসে পড়ে। এতে ৪৮টি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনার ৩৫ ঘণ্টা পর মঙ্গলবার ধ্বংসস্তূপের ভিতর থেকে ১১ মাসের একটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। হিমাঙ্কের নিচে মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শিশুটির বেঁচে থাকাকে ‘বিস্ময়কর’বলে বর্ণনা করেছেন উদ্ধারকর্মীরা।

৯০০ জনেরও বেশি লোক তল্লাশি ও উদ্ধার অভিযানে কাজ করছে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি। এ পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তারা।

গ্যাস লিকের কারণেই বিস্ফোরণটি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সঠিক কারণ বের করতে তদন্ত চলছে বলে নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে দেশটির তদন্ত কমিটি। তদন্তে এ পর্যন্ত কোনো বিস্ফোরক দ্রব্যের নমুনা পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.