Sylhet Today 24 PRINT

প্রণব-ভুপেন-নানাজিকে ‘ভারতরত্ন’

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জানুয়ারী, ২০১৯

ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ পাচ্ছেন দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকা এবং সমাজসেবী নানাজি দেশমুখ। শুক্রবার সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে এ ঘোষণা দেয়া হয়।

প্রণব মুখার্জি হলেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ২০১২ সালের ২৫ জুলাই। ২০১৭ সালের ২৫ জুলাই অবসরে যান। এর আগে ২০০৮ সালে তিনি ভারতের রাষ্ট্রীয় সম্মান ‘পদ্মভূষণ’ পেয়েছিলেন।

এ ছাড়া মরণোত্তর ‘ভারতরত্ন’ সম্মান পাচ্ছেন প্রখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকা ও সমাজসেবী নানাজি দেশমুখ।

আসামের ভুপেন হাজারিকা একাধানে গায়ক, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, চলচ্চিত্র নির্মাতা। গণমানুষের গানের জন্য বাঙালিদের কাছেও ব্যাপক জনপ্রিয় তিনি।

২০১১ সালে মৃত্যুর আগে নিজের মতাদর্শিক ধারার বিপরীতে গিয়ে বিজেপিতে যোগ দিয়ে অনেকের সমালোচনায় পুড়েছিলেন ভুপেন হাজারিকা।

সাবেক পার্লামেন্ট সদস্য নানাজিকে ভারতরত্ন দেয়াকে সঙ্ঘ পরিবারকে খুশি করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এর মধ্যেও লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন না দেওয়ায় বিজেপির অনেকে ক্ষুব্ধ বলেও খবর এসেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.