Sylhet Today 24 PRINT

ভারতে প্রতারণার অভিযোগে প্রাণের দুই কর্মকর্তা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০১৯

প্রতারণার অভিযোগে কলকাতায় কর্মরত দুজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী সিআইডি। গত ২৫ জানুয়ারি (শুক্রবার) কলকাতার অদূরে নিউটাউন এলাকার প্রাণ বেভারেজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের অফিস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২৭ জানুয়ারি) সিআইডি সূত্র খবরের সত্যতা নিশ্চিত করেছে। তবে বিদেশি নাগরিক গ্রেপ্তার করা হলেও সরকারিভাবে কোনো বিবৃতি দিতে রাজি হয়নি সংস্থাটি।

গ্রেপ্তার হওয়া দুজনের একজন রাজেশ ঘোষ প্রাণ বেভারেজ ইন্ডিয়া লিমিটেডের একজন পরিচালক এবং বিধান কীর্তনিয়া নামে অপরজন প্রাণের শীর্ষ কর্মকর্তা।

এই ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করা হলেও রোববার সাপ্তাহিক ছুটির দিন থাকায় প্রাণ বেভারেজের ইন্ডিয়ার কোনো কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি।

সিআইডি সূত্র দিয়ে কলকাতার এবিপি আনন্দ নামের একটি চ্যানেলের খবরে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা বাংলাদেশি নাগরিক। তারা প্রাণের ভারতের অংশে কাজ করতেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে এগরা থানায় লিখিত অভিযোগ জমা হয়।

অভিযোগে বলা হয়, তারা লটারি সংস্থার নামে প্রতারণা করতেন। সিআইডি সেই অভিযোগের তদন্ত শুরু করে। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে লটারির নামে টাকা তুলে সেই টাকা দুবাই এবং পাকিস্তানে হুন্ডি করে পাঠানো হতো। এই চক্রের সঙ্গেই জড়িত ছিলেন প্রাণের ভারতের এই দুই কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.