Sylhet Today 24 PRINT

বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে সীমান্তে প্রযুক্তির সাহায্য নেবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৯

নতুন প্রযুক্তির সাহায্যে বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ করে দিতে চায় দিল্লি। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে দুই দেশের সীমান্তে বিশেষ প্রযুক্তির সাহায্য নিতে যাচ্ছে ভারত।

শনিবার (২ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। খবর: ইন্ডিয়া টাইমস।

রাজনাথ সিং বলেন, পশ্চিমবঙ্গ ও আসাম দিয়ে ভারতে অনুপ্রবেশ বন্ধ করতে সীমান্ত সিল করে দেওয়া হবে। এ জন্য 'কম্প্রিহেনসিভ ইনটিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম' নামে বিশেষ প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, অত্যাধুনিক এই প্রযুক্তির প্রয়োগে অনুপ্রবেশের পাশাপাশি চোরাচালানও বন্ধ করা সম্ভব হবে। ফলে, নিরাপত্তা সুরক্ষিত হবে।

আলিপুরদুয়ারের এই জনসভায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকেও নিশানা করেন রাজনাথ সিং। তিনি বলেন, তৃণমূলের আমলে এ রাজ্যে মা-মাটি-মানুষ কেউই সুরক্ষিত নন। তার অভিযোগ, সবচেয়ে বেশি হিংসার ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। এ রাজ্যে কমপক্ষে ১০০ বিজেপি কর্মী খুন হয়েছে। এসব খুনে জড়িতদের একজনকেও ছাড় দেওয়া হবে না।

রাজনাথ সিং দাবি করেন, পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা বন্ধ করতে ২০২১-এর নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী দরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.