Sylhet Today 24 PRINT

কারবালায় ঔপন্যাসিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক |  ০৪ ফেব্রুয়ারী, ২০১৯

ইরাকের কারবালা শহরে ঔপন্যাসিক আলা মাশজুবকে গুলি করে হত্যা করেছে মোটরসাইকেলে করে আসা এক বন্দুকধারী।

শনিবার রাতে মাশজুবের নিজের বাড়ির কাছে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে, বাড়ি ফেরার সময় ৫০ বছর বয়সী মাশজুবকে লক্ষ্য করে বন্দুকধারী বেশ কয়েকবার গুলি ছোড়ে। হত্যাকাণ্ডের উদ্দেশ্য পরিষ্কার নয় এবং শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।

রোববার ইরাকের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী আব্দুল আমির আল হামদানি এক বিবৃতিতে বলেছেন, '(ইরাকের) সাংস্কৃতিক দৃশ্যপট এর অন্যতম এক লেখক ও স্রষ্টাকে হারালো।

মাশজুব কারবালার নাগরিক সমাজেও সক্রিয় ছিলেন। রোববার কারবালাতেই তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।

বুদ্ধিজীবীদের রক্ষায় নিরাপত্তা বাহিনী যথেষ্ট ভূমিকা রাখছে না বলে অভিযোগ করে ইরাকের লেখক সংঘ এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে।

এক বিবৃতিতে তারা বলেছেন, সংঘ মনে করে, এর জন্য কেন্দ্রীয় ও স্থানীয় সরকার পুরোপুরি দায়ী, তারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

প্রসঙ্গত, বেশ কয়েকটি উপন্যাস ও ছোট গল্প সংকলনের রচয়িতা আলা মাশজুব স্থানীয় ও আঞ্চলিক কয়েকটি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.