Sylhet Today 24 PRINT

চলতি মাসেই ট্রাম্পের সঙ্গে কিমের দ্বিতীয় বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, চলতি মাসের শেষের দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দ্বিতীয়বারের মতো শীর্ষ বৈঠকে মিলিত হচ্ছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মার্কিন কংগ্রেসের এক যৌথ অধিবেশনে বার্ষিক স্টেট অব ইউনিয়ন ভাষণে ট্রাম্প এ ঘোষণা দেন বলে বিবিসি সূত্রে জানা যায়।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে একটি দেয়াল নির্মাণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন জাতির উদ্দেশ্যে দেওয়া এই ভাষণে। পাশাপাশি রাজনৈতিক ঐক্যের ডাকও দেন তিনি।

তিনি জানান, ফেব্রুয়ারির ২৭-২৮ তারিখে ভিয়েতনামে উত্তর কোরিয়ার নেতা কিমে সঙ্গে বৈঠক করবেন।

এ ঘোষণা দেওয়ার সময় ট্রাম্প বলেন, আমাদের বন্দিরা বাড়িতে ফিরে এসেছে, পারমাণবিক পরীক্ষা বন্ধ হয়েছে আর গত ১৫ মাসের মধ্যে একটি ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়নি। আমি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত না হতাম, এখন আমরা, আমার মতে, উত্তর কোরিয়ার সঙ্গে একটি বড় ধরনের যুদ্ধে রত থাকতাম।

ট্রাম্প বলেন, আরও অনেক কাজ করতে হবে, কিন্তু কিম জং উনের সঙ্গে আমার সম্পর্ক একটি ভালো বিষয়।

গত বছর সিঙ্গাপুরে এ দুই নেতার ঐতিহাসিক বৈঠকের পর থেকেই তাদের মধ্যে দ্বিতীয় বৈঠকের পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছিল। সিঙ্গাপুরের ওই বৈঠকটি ছিল উত্তর কোরিয়ার একজন নেতার সঙ্গে কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের প্রথম বৈঠক।

কমিউনিস্ট শাসিত ভিয়েতনামের সঙ্গে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র, উভয়েরই ভালো সম্পর্ক আছে। ট্রাম্প-কিমের দ্বিতীয় বৈঠকের জন্য এই দেশটির নামই সবচেয়ে বেশি বার সুপারিশ করা হয়েছিল বলে খবর রয়টার্সের।

তবে ভিয়েতনামের কোন শহরে তাদের বৈঠকটি অনুষ্ঠিত হবে তা জানাননি ট্রাম্প। তবে ধারণা করা হচ্ছে ভিয়েতনামের রাজধানী হ্যানয় অথবা ডা নাংয়ে বৈঠকটি হতে পারে।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.