Sylhet Today 24 PRINT

আগামী সপ্তাহেই আইএসের শতভাগ খিলাফত দখল সম্ভব: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো আগামী সপ্তাহের মধ্যেই শতভাগ মুক্ত ঘোষণা করা সম্ভব হবে।

বুধবার (৬ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে বহুজাতিক জোটের শরিকদের এক সম্মেলনে ট্রাম্প বলেন, ওই এলাকার দখল ওরা হারিয়েছে। আইএস এর খিলাফত ধ্বংস করে দেওয়া হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসবিরোধী কার্যক্রম অব্যাহত না রাখলে আইএস জঙ্গিরা আবারও সংগঠিত হয়ে ফিরে আসতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা। এর মধ্যেই ট্রাম্পের এমন বক্তব্য এল।

ট্রাম্প বলেন, হয়তো আগামী সপ্তাহেই কোনো এক সময় ঘোষণাটা দেওয়া হবে যে আমরা খিলাফতের ১০০% দখল করে নিয়েছি।

তবে ওই জঙ্গি দলের ক্ষুদ্র একটি অংশ এখনও টিকে আছেন এবং তারাও একসময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আইএসের বিদেশি যোদ্ধারা যাতে কোনোভাবে যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

আইএস এক সময় ইন্টারনেটের মাধ্যমে ইউরোপসহ বিভিন্ন এলাকা থেকে যেভাবে নতুন সদস্য সংগ্রহ করত, সে কথা মনে করিয়ে দিয়ে ট্রাম্প বলেন, একটা সময় তারা আমাদের চেয়েও ভালোভাবে ইন্টারনেটকে ব্যবহার করেছে। তারা ইন্টারনেট ব্যবহার করেছে বুদ্ধিমত্তার সঙ্গে। কিন্তু এখন আর তা হচ্ছে না।

ট্রাম্প আইএসবিরোধী বহুজাতিক জোটের শরিকদের ধন্যবাদ জানান এবং আগামী দিনগুলোতেও একসঙ্গে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।

ডিসেম্বরে জানা যায়, ইরাক থেকে মার্কিন সৈন্যদের এক মাসের মধ্যে ফিরিয়ে নিতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। এ নিয়ে আলোচনার মধ্যেই মিত্রদের অবাক করে দিয়ে ট্রাম্প ঘোষণা দেন, আইএস ইতোমধ্যে ‘পরাজিত হয়েছে’।

তবে পরে নিজের দল রিপাবলিকান পার্টি এবং মিত্র দেশগুলোর সমালোচনার মুখে সেনা প্রত্যাহারের বিষয়টি বিলম্বিত করার সিদ্ধান্ত নেন ট্রাম্প।

আইএস জঙ্গিরা ২০১৩ সালের পর সিরিয়া ও ইরাকের বিরাট অংশ দখলে নিয়ে ‘খিলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দেয়। ওই এলাকায় গণহারে হত্যা-ধর্ষণ ও বিপুল ধ্বংসযজ্ঞ ঘটিয়ে তারা বিশ্বের বড় বড় শহরগুলোতে সন্ত্রাসী হামলা চালাতে শুরু করলে বিশ্বজুড়ে সৃষ্টি হয় আতঙ্ক।

এই পরিস্থিতিতে ২০১৪ সালে এ জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে নামার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। তাদের নেতৃত্বে গঠিত হয় বহুজাতিক জোট। বর্তমানে প্রায় ৮০টি দেশ এই জোটে যুক্ত আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.