Sylhet Today 24 PRINT

মিশরে মসজিদের কাছে বিস্ফোরণে নিহত ২ পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৯

মিশরের রাজধানী কায়রোর কেন্দ্রস্থলে আল আজহার মসজিদের কাছে বিস্ফোরণে দুই পুলিশ নিহত হয়েছেন। এ ঘটনায় তিন বেসামরিক লোক আহত হয়েছেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) পুলিশ ধাওয়া করে এক জঙ্গিকে আটক করার পর তার কাছে থাকা একটি বোমার বিস্ফোরণ ঘটে।

শুক্রবার কায়রোর পশ্চিমাংশে পুলিশের টহল দলের ওপর হামলার চেষ্টার ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশির সময় পুলিশ এই জঙ্গির পিছু নিয়েছিল বলে বিবৃতিতে বলা হয়েছে।

ধাওয়া করার এক পর্যায়ে আল আজহার মসজিদের কাছে কায়রোর পুরনো এলাকায় সন্দেহভাজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

বিবৃতিতে বলা হয়, ওই ব্যক্তির কাছে থাকা বিস্ফোরক ডিভাইসগুলোর মধ্যে একটি বিস্ফোরিত হয়। এতে ওই জঙ্গির মৃত্যু হয় এবং জাতীয় নিরাপত্তা বিভাগের এক পুলিশ কর্মকর্তা ও কায়রো ইনভেস্টিগেশন্স (ডিপার্টমেন্ট) এর আরেক কর্মকর্তা শহীদ হন  

এ সময় তিন বেসামরিক লোক আহত হন। এদের মধ্যে থাইল্যান্ডের এক শিক্ষার্থীও রয়েছেন এবং তার আঘাত তেমন গুরুতর নয় বলে জানিয়েছে মিশরীয় নিরাপত্তা বাহিনী।

আল আজহার মসজিদের আশপাশের এলাকাটি পুরনো জনবহুল বাজার এলাকা। পর্যটকদের মধ্যে এলাকাটির জনপ্রিয়তা আছে।

উল্লেখ্য, ডিসেম্বরে গিজায় রাস্তার পাশে পেতে রাখা বোমায় তিন ভিয়েতনামি পর্যটক ও এক মিশরীয় গাইড নিহত হলেও দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় মিশরের রাজধানীতে হামলার ঘটনা বিরল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.