Sylhet Today 24 PRINT

ফের হারলেন মে

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মার্চ, ২০১৯

ব্রেক্সিট নিয়ে পার্লামেন্টের এমপিদের ভোটে আবারও হেরে গেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে।

শুক্রবারের ভোটে চুক্তির পক্ষে পড়েছে ২৮৬ এবং বিপক্ষে পড়েছে ৩৪৪ ভোট। এতে আরও অনিশ্চয়তায় পড়ল যুক্তরাজ্যের ব্রেক্সিট পরিকল্পনা।

এখন ভোটে চুক্তিটি প্রত্যাখ্যাত হওয়ার পরিণতি গুরুতর হবে বলেই মন্তব্য করেছেন মে।

থেরেসা মে জানান, এখন ব্রেক্সিট সম্পন্ন করার জন্য হাতে সময় আছে ১২ এপ্রিল পর্যন্ত। তার মানে চুক্তিবিহীন ব্রেক্সিট এড়াতে প্রয়োজনীয় আইন তৈরির যথেষ্ট সময় এখন আর পাওয়া যাবে না।

ব্রেক্সিট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য এ ভোটটিকেই শেষ সুযোগ বলে পার্লামেন্টকে জানিয়েছিলেন মে। সতর্ক করে দিয়ে তিনি বলেছিলেন, এ চুক্তি পাস না হলে ব্রেক্সিটে কোনোরকম দেরির ক্ষেত্রে তা ১২ এপ্রিলের পর পর্যন্ত পিছিয়ে যাবে।

ব্রেক্সিট কখন হতে পারবে বা আদৌ যুক্তরাজ্য ইইউ থেকে বেরিয়ে যেতে পারবে কিনা তা এখন পুরোপুরি অস্পষ্ট হয়ে পড়ল।

ওদিকে, মে’র ব্রেক্সিট চুক্তি পার্লামেন্টে চূড়ান্তভাবে পরাজিত হয়েছে মন্তব্য করে তার ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত বলে জানিয়েছেন ব্রেক্সিটপন্থি কনজারভেটিভদের ইউরোপীয় রিসার্চ গ্রুপের ডেপুটি চেয়ারম্যান স্টিভ বেকার।

তিনি বলেন, “চুক্তি পাস হয়নি। এটি পাস হবেও না। এখন মে’র উচিত নতুন নেতা আসার পথ করে দেওয়া, যিনি একটি ব্রেক্সিট চুক্তি পার্লামেন্টে পাস করাতে পারবেন।”

যুক্তরাজ্যের বিরোধীদলীয় লেবার নেতা জেরেমি করবিনও প্রধানমন্ত্রী মে’কে পদত্যাগ করে একটি নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.