Sylhet Today 24 PRINT

ক্রাইস্টচার্চে হামলাকারীর বিরুদ্ধে ৫০ খুনের অভিযোগ আনবে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০১৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো সন্ত্রাসীর বিরুদ্ধে ৫০টি খুনের অভিযোগ ও ৩৯টি হত্যাচেষ্টার অভিযোগ আনবে পুলিশ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) পুলিশ জানিয়েছে, শুক্রবার অস্ট্রেলীয় শ্বেত বর্ণবাদী ব্রেন্টন ট্যারান্টকে (২৮) আদালতে হাজির করে এসব অভিযোগ আনা হবে।

সন্দেহভাজনের বিরুদ্ধে আরও অভিযোগ আনার বিষয়টি বিবেচনাধীন আছে বলেও জানিয়েছে তারা।

১৫ মার্চের ওই হত্যাকাণ্ডের পরদিন ট্যারান্টকে আদালতে হাজির করা হয়েছিল। সে সময় তার বিরুদ্ধে একটি খুনের অভিযোগ এনে তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই রিমান্ডে নিয়ে গিয়েছিল পুলিশ।

ঘটনার দিন জুমার নামাজের সময় হামলাকারী ট্যারান্ট একাই আধাস্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা চালায়। তার নির্বিচার গুলিবর্ষণে ৫০ জন নিহত ও অন্তত ৩৯ জন আহত হয়েছিল। নিজের হামলার এ ঘটনা সরাসরি ফেসবুকে সম্প্রচারও করেছিল সে।

এটিই নিউজিল্যান্ডে একক কোনো ব্যক্তির চালানো সবচেয়ে নির্বিচার হত্যাকাণ্ড। এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টায় ভিডিও লিঙ্কের মাধ্যমে ট্যারান্টকে ক্রাইস্টচার্চ হাইকোর্টে হাজির করার কথা রয়েছে।

চলতি সপ্তাহে জানিয়েছেন ক্রাইস্টচার্চ হাইকোর্টের এক বিচারপতি জানিয়েছেন, নিয়ম পালনের জন্যই তাকে আদালতে হাজির করা হচ্ছে এবং যেসব অভিযোগের মুখোমুখি সে হচ্ছে সেগুলোর জন্য আত্মপক্ষ সমর্থন করার সুযোগ সে পাবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.