Sylhet Today 24 PRINT

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি নারীর রহস্যজনক মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২১ এপ্রিল, ২০১৯

অস্ট্রেলিয়ার সিডনিতে এক বাংলাদেশি নারীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ।

রোববার স্থানীয় সময় ভোর চারটার দিকে নিজ বাড়ি থেকে সৈয়দা নিরুপমা (৩৫) নামের ওই বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, এক পারিবারিক বন্ধুর ফোনে নিরুপমার মৃত্যুর বিষয়টি জানতে পেরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। সিডনির মিন্টো এলাকার বাড়ির গ্যারেজ থেকে পুলিশ তার লাশ খুঁজে পায়। এ সময় বাড়ির ভেতর থেকে নিরুপমার ৬ ও ১০ বছর বয়সী দুই সন্তানকে উদ্ধার করে পুলিশ।

নিরুপমার স্বামী আলতাফ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। তবে এ ঘটনার কোনো কারণ এখনো জানায়নি পুলিশ।

স্থানীয় লোকজন জানান, নিরুপমা ও আলতাফ দীর্ঘ সাত থেকে বছর ধরে বাংলাদেশি–অধ্যুষিত মিন্টো এলাকার এই বাড়িতে বাস করতেন। আলতাফ অস্ট্রেলিয়ায় একটি সরকারি চাকরি করেন। তার বাড়ি বাংলাদেশের পুরান ঢাকায়। নিরুপমা ঘরে থেকেই মিষ্টি তৈরি করে স্থানীয় বাংলাদেশিদের কাছে সরবরাহ করতেন।

প্রতিবেশীদের কাছে নিরুপমা ও তার পরিবারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। পুলিশের কাছেও পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে আগেকার কোনো অপরাধের রেকর্ড নেই।

স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এক প্রতিবেশী অবাক হয়ে বলেন, ‘আমরা এমন কিছু ভাবতেই পারছি না। কারণ, তারা খুব ভালো মানুষ।’

এদিকে বাংলাদেশি নারীর রহস্যজনক মৃত্যুর খবর দ্রুত দেশটির গণমাধ্যমে ছড়িয়ে পড়লে শোক ছড়িয়ে পড়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.