Sylhet Today 24 PRINT

শ্রীলঙ্কায় কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক |  ২১ এপ্রিল, ২০১৯

শ্রীলঙ্কাজুড়ে কারফিউ জারি করা হয়েছে। গির্জা, পাঁচতারা হোটেলসহ অন্তত আটটি জায়গায় বোমা হামলার পর এ কারফিউ জারি করা হলো।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেই সঙ্গে দক্ষিণ এশিয়ার এই দ্বীপ দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দপ্তরের বরাত দিয়ে নিউজ ফার্স্ট ডট লংকা জানায়, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত পুরো দেশে কারফিউ বলবৎ থাকবে। পাশাপাশি সোম ও মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুভান বিজয়বর্ধনে দুপুরে কলম্বোতে সাংবাদিকদের বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ জারির এই সিদ্ধান্ত বহাল থাকবে।

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, কারফিউ জারির পাশাপাশি গুজব ছড়ানো বন্ধ করতে সেখানে ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যমগুলোও বন্ধ রাখার প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রসঙ্গত, রোববার সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে ইস্টার সানডের প্রার্থনা চলাকালে কলম্বোর কোচচিকাদে এলাকার সেইন্ট অ্যান্থনির চার্চ, কাটুয়াপিতিয়ার সেইন্ট সেবাস্টিয়ানের চার্চ এবং বাত্তিকালোয়ার জিয়ন গির্জায় বোমা বিস্ফোরণ ঘটে।

কাছাকাছি সময়ে বিস্ফোরণ ঘটে রাজধানী কলম্বোর শাংরি লা, সিনামন গ্র্যান্ড ও কিংসবুরি হোটেলেও।

এরপর দুপুরে রাজধানীতে জাতীয় চিড়িয়াখানার কাছে দেহিওয়ালা হোটেলে সপ্তম এবং দেমাটাগোদা এলাকায় অষ্টম বিস্ফোরণটি ঘটে বলে কলম্বো পুলিশ জানায়।

এসব ঘটনায় সব মিলিয়ে অন্তত ১৩৮ জন মানুষ নিহত এবং চার শতাধিক আহত হয়েছেন বলে হাসপাতাল ও পুলিশের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর হিসেবে নিহতের সংখ্যা আরও বেশি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.