Sylhet Today 24 PRINT

পারলেন না রাজাপাকসে

সিলেটটুডে ডেস্ক |  ১৯ আগস্ট, ২০১৫

পারলেন না মাহেন্দ্র রাজাপাকসে। ক্ষমতায় ফেরা হলো না তার। ক্ষমতাসীন ইউএনপি দলের কাছে হারল তার দল ইউপিএফএ।

শ্রীলংকায় সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ইউএনপি দল জয়ী হয়েছে। পার্লামেন্টের ২২৫ আসনের মধ্যে ইউএনপি ১০৬ আসন এবং রাজাপাকসের ইউপিএফএ ৯৪ আসন এবং তামিলরা ১৬ আসন পেয়েছে।

বিজয়কে স্বাগত জানিয়ে তিনি একে শ্রীলংকার মানুষের বিজয় বলে উল্লেখ করেছেন। এ সময় তিনি ঐক্যের আহ্বান জানান। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে নির্বাচনে হার স্বীকার করে নিয়েছেন।

কয়েক মাস আগে প্রেসিডেন্ট পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি এই নির্বাচনের মধ্য দিয়ে ফের ক্ষমতায় আসার স্বপ্ন দেখছিলেন। সিংহলি জাতিগোষ্ঠীর কাছে প্রবল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও নির্বাচনে তার দল হেরে যায়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজাপাকসে বলেন, 'আমার স্বপ্ন শেষ হয়ে গেছে। আমার দল নির্বাচনে ভালো ফল করতে পারেনি।'

নির্বাচন কমিশনার মাহিন্দা দেশপ্রিয় আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই রাজাপাকসে নির্বাচনে তাদের পরাজয় স্বীকার করে নেন। এই পরাজয় প্রায় এক দশক ধরে দোর্দণ্ডপ্রতাপে শ্রীলংকার শাসন ক্ষমতায় থাকা রাজাপাকসের জন্য একটা বড় ধরনের ধাক্কা।

চলতি বছরের জানুয়ারি মাসে বর্তমান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার কাছে নাটকীয়ভাবে ক্ষমতা হারানোর পর আশা করেছিলেন, সংসদ নির্বাচনে তার দল জয়লাভ করলে প্রধানমন্ত্রী হিসেবে তিনিই শ্রীলংকায় সরকার গঠন করবেন।

রাজাপাকসে বলেন, 'অনেকে হয়তো সমালোচনা করতে পারেন, আমরা আগেভাগেই হার স্বীকার করে নিয়েছি। কিন্তু এটাই হলো সঠিক সিদ্ধান্ত। আমরা নির্বাচনে ভালো করতে পারিনি।' রাজাপাকসের দল ইউপিএফএ ৮ জেলায় ভালো ফল করে জয়ী হয়। তবে ২২ জেলার মধ্যে ১১ জেলায় জয়ী হয় ইউএনপি (ইউনাইটেড ন্যাশনাল পার্টি)। নির্বাচনের ফল আগেভাগে আঁচ করতে পেরেই ইউপিএফএ পরাজয় স্বীকার করে নেয়।

এদিকে রাজাপাকসে পরাজয় স্বীকার করে নিলেও শ্রীলংকায় কোনো দলই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে আগামী সরকার নির্বাচনে এককভাবে সরকার গঠন সম্ভব নয়। কয়েকটি দল মিলে ঐক্যবদ্ধ হয়ে সরকার গঠন করতে হবে।

নির্ধারিত সময়ের এক বছর আগে অনুষ্ঠিত এই নির্বাচনকে মাইথ্রিপালা সংসদে তার অনুসারী বাড়ানোর কর্মসূচি হিসেবে নিয়েছিলেন। এর ফলে তাকে তার সংস্কারের কাজগুলো অনুমোদনের ব্যাপারে খুব বেশি বেগ পেতে হবে না।

নির্বাচন কমিশনের প্রধান মাহিন্দা দেশপ্রিয় মঙ্গলবার আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন। সোমবার দেশটিতে অনুষ্ঠিত হয়েছিল সাধারণ নির্বাচন।

রাজাপাকসের এ পরাজয়ের জন্য তার ওপর তামিল জাতিগোষ্ঠী ও মুসলিম সংখ্যালঘু মানুষদের বিতৃষ্ণার ফল হিসেবে ধরে নেওয়া হচ্ছে। তামিল টাইগারদের বিরুদ্ধে তার নিষ্ঠুরতা ও সে দেশের সংখ্যালঘুদের প্রতি সিংহলিদের অত্যাচারী মনোভাবই তাকে অজনপ্রিয় করে তুলেছে বলে ধারণা করা হচ্ছে।

তার দশকব্যাপী শাসন সাধারণ মানুষের মধ্যে তেমন কোনো বিশেষ ছাপ ফেলতে পারেনি। তাছাড়া তার পরিবারের প্রতিও অনেক ধরনের অনিয়ম করার অভিযোগ রয়েছে। বিশেষ করে তার বড় ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ থাকা সত্ত্বেও রাজাপাকসে তাতে কর্ণপাত করেননি কিংবা বিচার বিভাগীয় কোনো ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেননি। এএফপি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.