আন্তর্জাতিক ডেস্ক | ২১ আগস্ট, ২০১৫
বৃহস্পতিবার টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণে সিপ্রাস পদত্যাগের ঘোষণা দেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।
গ্রীসের সরকারি কর্মকর্তারা বলছেন ক্ষমতা সুসংহত করার আশায় ২০ সেপ্টেম্বর আগাম নির্বাচনের পথ সুগম করতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
এর মধ্য দিয়ে সিপ্রাসের বামপন্থি সিরিজা পার্টিতে বিদ্রোহ প্রশমিত হবে এবং বেইলআউট কর্মসূচিও জোর সমর্থন পাবে বলেও আশা করা হচ্ছে।
আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে নতুন বেইলআউট চুক্তি করা নিয়ে দলে বিদ্রোহের মুখে পড়েছিলেন সিপ্রাস।
বৃহস্পতিবার গ্রিস ঋণের অর্থের প্রথম কিস্তি ১৩০০ কোটি ইউরো পেয়েছে। এতে করে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের ঋণ পরিশোধের সক্ষমতা অর্জন করেছে গ্রিস। বেঁচে গেছে ঋণখেলাপি হওয়া থেকেও।
কিন্তু এ ঋণের অর্থ নেয়ার শর্ত হিসাবে চুক্তি অনুযায়ী গ্রিসকে যে সব ব্যয়সঙ্কোচন পদক্ষেপ মানতে হয়েছে তা নিয়ে সিপ্রাসের দলে অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। তৃতীয় বেইলআউট চুক্তি অনুযায়ী, গ্রিস তিনবছরে ৮৬০০ কোটি ইউরো ঋণ পাবে।
এই বেইলআউট চুক্তিতে জনসমর্থন আদায়ের চেষ্টায় থাকা সিপ্রাস প্রেসিডেন্ট প্রকোপিস পাভলোপৌলসের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়ার অনুরোধ জানান।
টেলিভিশনের ভাষণে তিনি বলেন, এখন সময় এসেছে নতুন করে জনগণের রায় নেয়ার।
সিপ্রাস আরো বলেন, তিনি তার সরকারের কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য জনগণের অনুমতি চান। ঋণদাতাদের সঙ্গে সাহস নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করেছেন কি-না সে রায় গ্রিকরাই দেবে বলে মন্তব্য করেন সিপ্রাস।