Sylhet Today 24 PRINT

কুলভূষণ মামলায় আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের হার, ভারতের জয়

আন্তর্জাতিক ডেস্ক |  ১৮ জুলাই, ২০১৯

গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানের সামরিক আদালতে ভারতের সাবেক নৌসেনা কুলভূষণ যাদবকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা করতে পাকিস্তানকে নির্দেশ দিয়েছে দ্য হেগের আন্তর্জাতিক ন্যায় আদালত।

সেই রায় পুনর্বিবেচনার আগে পর্যন্ত মৃত্যুদণ্ড স্থগিত থাকবে। পাশাপাশি ভারতীয় কূটনীতিকদের যাদবের সঙ্গে দেখা করতে দেওয়ারও নির্দেশ দিয়েছে দ্য হেগের আদালত।

বুধবার ১৬ সদস্যের বেঞ্চের ১৫ জন সদস্য এই রায়ের পক্ষে ভোট দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক আদালতের ভাইস প্রেসিডেন্ট চিনা বিচারপতিও। বিপক্ষে ভোট দিয়েছেন কেবল পাকিস্তানি বিচারপতি তাসাদুক হুসেন জিলানি।

২০১৬ সালের মার্চ মাসে ভারতীয় নৌসেনার প্রাক্তন অফিসার কুলভূষণকে গ্রেপ্তার করে পাক বাহিনী। পাকিস্তান দাবি করে, বালুচিস্তানে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ার সময়ে কুলভূষণ গ্রেপ্তার হয়েছেন। পাকিস্তানের সামরিক আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়।

এদিকে ভারত পাল্টা দাবি করে, ইরানে কুলভূষণের ব্যবসা আছে। তাকে সেখান থেকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে। ২০১৭ সালের ৮ মে কুলভূষণ মামলা নিয়ে দ্য হেগের আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ হয় ভারত।

ভারতের কৌঁসুলি হরিশ সালভে জানান, ভিয়েনা সনদ লঙ্ঘন করে ভারতীয় কূটনীতিকদের কুলভূষণের সঙ্গে দেখা করতে দেয়নি পাকিস্তান। পাশাপাশি পাকিস্তানের সামরিক আদালতের কাজের পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.