Sylhet Today 24 PRINT

টাইগারদের হেড কোচ পদে আবেদন করেননি সুজন

স্পোর্টস ডেস্ক |  ১৯ জুলাই, ২০১৯

স্টিভ রোডসের বিদায়ের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খুঁজছে নতুন কোচ। আপাতত দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, যিনি আবার কোচ নিয়োগের বিজ্ঞপ্তি পেয়ে আবেদনই করেননি।

কদিন আগেই একাধিক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন- অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করার চেয়ে পূর্ণ মেয়াদে দীর্ঘ সময় কাজ করতে পারলেই স্বস্তি পেতেন। এতে বাড়ত দলের সাফল্যের সম্ভাবনাও- এমনটিও বলেছিলেন। সুজনকে শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচ করার ঘোষণা আসার পর প্রধান কোচ নিয়োগের দরজা খুলে দেয় বিসিবি। তবে প্রধান কোচের সেই পদে আবেদনই করেননি সাবেক এই অলরাউন্ডার।

দেশের পত্র-পত্রিকায় বিসিবির কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেখে অনেকেই ভাবছিলেন- এই যোগ্যতাসম্পন্ন কোচ তো দেশে একজনই আছেন! তিনি খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের স্থায়ী প্রধান কোচ হতে ইচ্ছুক সুজন সেই হেড কোচের পদে আবেদন করবেন, সেটাই ছিল অনুমেয়। তবে আবেদনের সময়সীমার শেষদিন অর্থাৎ বৃহস্পতিবার (১৮ জুলাই) জানা গেল, প্রধান কোচ হওয়ার ভাবনা থেকে সরে এসেছেন সুজন। আর তাই আবেদনও করেননি হেড কোচের পদের জন্য।

অবশ্য জাতীয় দলের খেলোয়াড়দের ‘কাছের মানুষ’ সুজনের এমন সিদ্ধান্তে বোর্ডের হস্তক্ষেপও রয়েছে। স্টিভ রোডসের উত্তরসূরি হিসেবে বোর্ড চাইছে ভিনদেশি কাউকেই, যেরকম চাওয়া হয়েছিল চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়ার পর। এ কারণে খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনই খালেদ মাহমুদ সুজনকে কোচের পদে আবেদন না করার পরামর্শ দিয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.