Sylhet Today 24 PRINT

লিবীয় উপকূলে ১১৫ শরণার্থী নিখোঁজ

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুলাই, ২০১৯

লিবীয় উপকূলে ১১৫ শরণার্থী নিখোঁজ হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে যে, তারা সবাই পানিতে ডুবে মারা গেছেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) একটি শরণার্থী বোঝাই নৌকা লিবীয় উপকূলে ডুবে যাওয়ার পর এই আশঙ্কা তৈরি হয়েছে বলে এক নৌ-কর্মকর্তা নিশ্চিত করেছেন।

শরণার্থী বোঝাই ওই নৌকাটিতে প্রায় ২৫০ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে অধিকাংশই আফ্রিকা এবং আরব দেশের নাগরিক। জেনারেল আইয়ুব কাছেম নামের ওই কর্মকর্তা , লিবীয় উপকূল থেকে ৮ কিলোমিটার দূরে ওই নৌকাটি ডুবে যায়। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরদিকে, জীবিত উদ্ধার করা হয়েছে আরও ১৩৪ জনকে।

রাজধানী ত্রিপোলি থেকে ১২০ কিলোমিটার পূর্বের আল খোমস শহর থেকে যাত্রা করেছিল ওই নৌকাটি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) বলছে, দুর্ঘটনায় ১৫০ জন নিখোঁজ হয়েছে। এছাড়া স্থানীয় জেলেদের সহায়তায় আরও ১৫০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের লিবিয়ায় ফেরত নিয়ে গেছে উপকূলরক্ষী বাহিনী।

ইউএনএইচসিআর জানিয়েছে, চলতি বছর ভূমধ্যসাগরে এটাই সবচেয়ে বড় বিপর্যয়ের ঘটনা। এর আগে গত মে মাসে তিউনিশিয়া উপকূলে একটি নৌকা উল্টে কমপক্ষে ৬৫ জন শরণার্থী নিহত হয়। এছাড়া জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল ১৬ জনকে। চলতি বছরের প্রথম চার মাসে লিবিয়া এবং ইউরোপ রুটে পাড়ি দিতে গিয়ে ১৬৪ শরণার্থী প্রাণ হারিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.