Sylhet Today 24 PRINT

অ্যামাজনের আগুন নেভাতে যুদ্ধবিমান থেকে পানি ঢালছে ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক |  ২৬ আগস্ট, ২০১৯

অ্যামাজনের আগুন নেভাতে ব্রাজিলের যুদ্ধবিমান থেকে অ্যামাজন রাজ্য রন্ডোনিয়ায় পানি ফেলা শুরু হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্টের আগুন নেভাতে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় ওঠার পর ব্রাজিল সরকার এমন পদক্ষেপ নিলো।

অ্যামাজনের আগুন নেভাতে গতকাল রোববার সাতটি রাজ্যে সেনা অভিযান অনুমোদন করেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। প্রেসিডেন্ট অফিসের একজন মুখপাত্র বলেন, স্থানীয় সরকারগুলোর অনুরোধের প্রেক্ষিতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে।

ব্রাজিলের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার আগুন নেভানোর একটি ভিডিও পোস্ট করে। সেখানে দেখা যায়, আগুনের কারণে সৃষ্ট ধোঁয়া ভেদ করে হাজার হাজার লিটার পানি ফেলছে একটি সেনা বিমান।

অ্যামাজনের ইতিহাসের অন্যতম ভয়াবহতম এই অগ্নিকাণ্ডের পর জি-সেভেন সম্মেলনে ফ্রান্স গভীর উদ্বেগ প্রকাশ করার পর ব্রাজিল এমন পদক্ষেপ নিলো। রোববার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, অ্যামাজনের আগুনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ‘কারিগরি ও আর্থিক সহায়তা’ দেয়ার ব্যাপারে জি-সেভেন রাষ্ট্রগুলো একমত হয়েছে।

ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ইনপে জানিয়েছে, চলতি বছর দেশটিতে প্রায় ৮০ হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০১৩ সালের পর এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ আগুন লাগার ঘটনা।

আগুন নেভাতে ব্রাজিলের সরকার কিছুই করছে না-বিশ্ব নেতৃত্বের এমন সমালোচনার মুখে শুক্রবারই বলসোনারো সেনাবাহিনী পাঠানোর ঘোষণা দেন। এমনকি এক টুইট বার্তায় বলসোনারো জানান, আগুন নেভাতে তিনি ইসরায়েলের সহায়তা নেবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর তিনি এ কথা জানান।

এদিকে রন্ডোনিয়া ছাড়া অন্যান্য রাজ্যে কী ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে সে ব্যাপারে সরকার কিছু জানায়নি। ব্রাজিলের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানায়, দেশটির উত্তরাঞ্চলীয় অ্যামাজন অঞ্চলে প্রায় ৪৪ হাজার সেনা মোতায়েন রয়েছে। তবে ওই সেনাদের কোথায়-কী পরিমাণে মোতায়েন করা হবে এবং তারা কী ধরনের অভিযান চালাবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.