সিলেটটুডে ডেস্ক | ২৮ আগস্ট, ২০১৯
সাতবছর আগে লক্ষণ সানগাপ্পা সাবাধি সংসদে বসে পর্ন দেখার জের ধরে পদত্যাগ করলেও এখন তিনি উপমুখ্যমন্ত্রী
সাত বছর আগে সংসদে বসে পর্ন ভিডিও দেখে সমালোচনার মুখে পদত্যাগ করা একজনকে উপমুখ্যমন্ত্রী করেছেন ভারতের কর্ণাটক রাজ্যের বিজেপির বি এস ইয়েদুরাপ্পা। পর্ন দেখে পদত্যাগ করা ব্যক্তি হচ্ছেন লক্ষণ সানগাপ্পা সাবাধি। তিনি কর্ণাটকের পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
লক্ষণ সাবাধির এই দায়িত্ব পাওয়ার পর বিজেপি বিধায়করাই প্রশ্ন তুলেছেন, এমন লোককে উপমুখ্যমন্ত্রী করা কি ঠিক হচ্ছে?
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, লক্ষণ সাবাধিকে পরিবহন দপ্তরের দায়িত্ব দেওয়ার পর বিজেপির বিধায়ক এম পি রেণুকাচার্য প্রশ্ন তোলেন, লক্ষণ সাবাধিকে এখনই মন্ত্রিসভায় নেওয়ার কী দরকার ছিল? তিনি তো নির্বাচনেও হেরেছেন। গত বছর লক্ষণ সাবাধি কংগ্রেস নেতা মহেশ কুমাট্টাল্লির কাছে হেরে যান। কুমাট্টাল্লি অবশ্য পরে ডিসকোয়ালিফায়েড হন।
লক্ষণ সাবাধি বলেন, দিল্লি ও রাজ্যের নেতারা আমাকে উপমুখ্যমন্ত্রী করেছেন। তারা আমার ওপরে আস্থা রেখেছেন। আমি দলকে শক্তিশালী করব। সরকারের যাতে সুনাম হয়, তাও দেখব। আমি উপমুখ্যমন্ত্রী হতে চাইনি। শীর্ষ নেতারা আমাকে এই পদ দিয়েছেন। আমি গ্রহণ করেছি।
২০১২ সালে লক্ষণ সাবাধি বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি আরও দুই বিধায়কের সঙ্গে বিধানসভায় বসে পর্ন ভিডিও দেখছিলেন। ওই ঘটনা জানাজানি হতে বিজেপি অস্বস্তিতে পড়ে। পরে লক্ষণ সাবাধি বলেন, তারা জানতে চেয়েছিলেন, রেভ পার্টিতে কী হয়। তাই ওই ভিডিও ক্লিপগুলো দেখছিলেন। যখন তিনি ধরা পড়েন, তার কিছুদিন বাদে বিধানসভায় রেভ পার্টি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। লক্ষণ সাবাধি বাদে অপর যে দুই বিধায়ক পর্নগ্রাফি দেখছিলেন, তারা হলেন সি সি পাতিল ও কৃষ্ণা পালেমার। পর্নগ্রাফি দেখার কথা জানাজানি হওয়ার পর তিনজনই বিধায়ক পদ থেকে ইস্তফা দেন।