সিলেটটুডে ডেস্ক | ৩১ আগস্ট, ২০১৯
স্লোভেনিয়ায় ট্রাম্প ও মেলানিয়ার কাঠের ভাস্কর্য। ছবি: এএফপি
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর থেকে স্ত্রী মেলানিয়ার দেশ স্লোভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্প আলোচিত ব্যক্তি হয়ে ওঠেছেন। এবার সেই দেশে নির্মিত হয়েছে ট্রাম্পের একটি ভাস্কর্য যা নিয়ে আলোচনা চলছে।
প্রায় আট ফুট লম্বা এই ভাস্কর্যটি কাঠ দিয়ে তৈরি। ভাস্কর্যে ট্রাম্পকে খানিকটা ব্যঙ্গাত্মক রূপে চিত্রিত করা হয়েছে। এতে ট্রাম্পের মাথা ও চোয়াল চারকোনা আকৃতির। তার মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে।
ভাস্কর্যটির নির্মাতা তুমাশ শ্লিগেল বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তিনি এটি জনপ্রিয় রাজনীতির প্রতীকী ভাবনা থেকে নির্মাণ করেছেন।
ট্রাম্পের এই ভাস্কর্যটি স্লোভেনিয়ার সেলা প্রি কামনিকু নামের একটি গ্রামে নির্মাণ করা হয়েছে। এতে ট্রাম্প নীল স্যুট ও লাল রঙের টাই পরে আছেন। তার দাঁড়ানোর ভঙ্গি কিছুটা স্ট্যাচু অব লিবার্টির মতো। ভাস্কর এ বিষয়ে বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো গণমানুষের রাজনীতি সক্রিয় হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দিকে তাকান, ট্রাম্পের দিকে তাকান কিংবা হাঙ্গেরির প্রধানমন্ত্রীর দিকে। বিশ্ব কোনদিকে যাচ্ছে?’
কাঠামো নিয়ে শ্লিগেল বলেন, এ ধরনের কাঠের গঠনে পুরো সপ্তাহ জুড়ে ট্রাম্পের চেহারা বেশ বন্ধুত্বপূর্ণ দেখাবে কিন্তু সপ্তাহ শেষে এই চেহারা ভয়ংকর হয়ে উঠতে পারে। তার এই ইঙ্গিতপূর্ণ বক্তব্য জনপ্রিয় রাজনীতিবিদদের দ্বিমুখিতার দিকেই নির্দেশ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করে।
এএফপির জানিয়েছে, শনিবার এই ভাস্কর্যটির উদ্বোধনের কথা রয়েছে। এরই মধ্যে চলতি সপ্তাহে ক্রুদ্ধ এক নাগরিক ভাস্কর্যটির ওপর তার ট্র্যাক্টর ওঠাতে উদ্ধত হন। কিছু অনলাইন সমালোচকের মতে, এই ভাস্কর্য শুধুই ‘কাঠের অপচয়’ এবং তারা মনে করেন যে এটি নির্মাণের কোনো প্রয়োজন ছিল না।
এরআগে মেলানিয়া ট্রাম্পের একটি ব্যঙ্গাত্মক ভাস্কর্য নির্মিত হয়েছিল তারই নিজের শহর সেভনিকায়। সেটি একটি গাছের কাণ্ড খোদাই করে বানানো হয়েছিল। অনেকের কাছে যা অসম্মানজনক মনে হয়েছিল। তারা বলেছিলেন, মেলানিয়ার ওই ভাস্কর্যটি দেখতে তার মতো নয় বরং অ্যানিমেশন মুভি স্মার্ফস-এর স্মার্ফেট চরিত্রের মতো।