Sylhet Today 24 PRINT

মুরসির ছেলে আব্দুল্লাহ মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৯

মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুর দুই মাস পর তার ছেলে আবদুল্লাহ মুরসি মারা গেলেন।

বুধবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৪ বছর।

আবদুল্লাহ মুরসির ভাই, পরিবারের সদস্য ও তার আইনজীবীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

আবদুল্লাহ মুরসি ভাই আহমেদ রয়টার্সকে বলেন, আবদুল্লাহ রাজধানীর কায়রোয় বন্ধুর সঙ্গে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় হঠাৎ খিঁচুনির পর অসুস্থবোধ করেন। এরপরই তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মুরসির ছোট ছেলে আবদুল্লাহ মুরসি কায়রোর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে আবদুল্লাহ মুরসি আগে থেকে অসুস্থ ছিলেন, নাকি হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন, তা এখনো নিশ্চিত নয়।

এর আগে এ বছরের ১৭ জুন আদালতে শুনানির সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মোহাম্মদ মুরসি। রাজধানী কায়রোর পূর্বাঞ্চলীয় নাসার শহরে তাকে দাফন করা হয়। অনেকটা গোপনেই তার দাফন সম্পন্ন হয়েছিল।

মুরসির মৃত্যুর পর তার পরিবারের বিভিন্ন বিষয়ে বাইরের লোকদের সঙ্গে কথা বলার দায়িত্ব ছিল আবদুল্লাহ মুরসির ওপরেই। পরিবারের মুখপাত্র হিসেবেই দায়িত্ব পালন করছিলেন তিনি। তার বাবার মৃত্যুর জন্য তিনি নিরাপত্তা কর্মকর্তাদেরই দায়ী করে আসছিলেন।

২০১২ সালে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ মুরসি। এর মাত্র এক বছরের মাথায় সেনা অভ্যুত্থানে ক্ষমতা হারান তিনি। এরপরই মুরসিসহ তার দল মুসলিম ব্রাদারহুডের বেশ কিছু নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। ওই সেনা অভ্যুত্থানের পর থেকেই তারা একাধিক মামলায় এখনো কারাভোগ করছেন। মুরসিকেও জীবনের শেষ দিনগুলো কারাগারেই কাটাতে হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.