সিলেটটুডে ডেস্ক | ১২ নভেম্বর, ২০১৯
বাংলাদেশে পেঁয়াজের দাম যখন দেড়শ টাকা তখন পার্শ্ববর্তী দেশ ভারতে মাত্র ৮ টাকায় বিক্রি হচ্ছে এই পেঁয়াজ। এত অল্প দামে পেঁয়াজ বিক্রি করে কেঁদেই ফেললেন দেশটির এক কৃষক।
মহারাষ্ট্রের একটি কৃষকের কান্নার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পেঁয়াজের দাম না পেয়ে আগামী দিনে সংসার চালানো অনিশ্চিত হয়ে পড়েছে তার কাছে। সেই আশঙ্কাতেই কান্নায় ভেঙে পড়েছেন তিনি।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শনিবার ভিডিও নিজের টুইটার থেকে শেয়ার করেছেন কংগ্রেস নেতা সুনীল আহিরে। নিজের টুইটার পোস্টে তিনি জানিয়েছেন, আহমেদনগরের ওই কৃষক বাজারে পেঁয়াজের দাম পেয়েছেন প্রতি কেজিতে মাত্র ৮ টাকা! ওই দরে নিজের খেতের পেঁয়াজ বিক্রি করে তিনি যে টাকা রোজগার করেছেন তা দিয়ে কীভাবে শ্রমিকদের মজুরি মেটাবেন, আর সংসার চালাবেন তা নিয়েই চিন্তিত তিনি। সে জন্যই কাঁদতে দেখা যাচ্ছে তাকে।
কেঁদে কেঁদে তিনি বলছেন, ‘‘৮ টাকা দরে পেঁয়াজ বিক্রি করতে হল। শ্রমিকদের মজুরি কোথা থেকে দেব? ঘরের লোকেদের কী খাওয়াব? ছেলেদের কী খাওয়াব?’’
সরকার গড়তেই ব্যস্ত রাজনৈতিক দলগুলির উদ্দেশেও তোপ দেগেছেন ওই কৃষক। বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী পদের জন্য দৌড়চ্ছে সবাই। তারা জানে না আমাদের কোন অবস্থার মুখোমুখি হতে হচ্ছে।’’