Sylhet Today 24 PRINT

মক্কায় মসজিদের ছাদ ভেঙে নিহত ১০৭, আহতদের মধ্যে অর্ধশতাধিক বাংলাদেশি

সিলেটটুডে ডেস্ক |  ১২ সেপ্টেম্বর, ২০১৫

সৌদি আরবের মক্কায় মসজিদ আল-হারামে ক্রেইন উল্টে নিহতের সংখ্যা বেড়ে ১০৭ জনে দাঁড়িয়েছে, যাদের প্রায় সবাই হজ পালনে গিয়েছিলেন।। শুক্রবার প্রবল ঝড়ো হাওয়ায় ‍একটি বৃহদাকারের ক্রেন মসজিদের ছাদ ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। এ সময় আরও দেড় শতাধিক আহত হয়েছেন বলে বলে দেশটির সংবাদমাধ্যমগুলো জানায়। আহতদের অর্ধশতাধিক বাংলাদেশি বলে জানা গেছে।

সৌদি আরবের সিভিল ডিফেন্স কতৃপক্ষ দুর্ঘটনার বিষয়টি টুইট বার্তায় নিশ্চিত করেছে। তবে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু না বললেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানায়।

টুইটারে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা যায়, মসজিদের মেঝেতে রক্তাক্ত অনেক লাশ পড়ে আছে। সৌদি আরবের সিভিল ডিফেন্স মসজিদে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। সৌদি আরবের রেড ক্রিসেন্টের কর্মীরাও উদ্ধার অভিযান পরিচালনা করছে।

এ মসজিদটি বিশ্বের সবচেয়ে বড় মসজিদ। পবিত্র কাবার চারপাশ ঘিরে মসজিদটি অবস্থিত।

২১ সেপ্টেম্বর থেকে সৌদি আরবে হজ পালনের জন্য প্রায় ৩০ লাখ মানুষ জড়ো হবেন বলে আশা করছে দেশটি।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি থাকার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।

তবে এ ঘটনায় আহত দেড় শতাধিক মানুষের মধ্যে অন্তত ৫০ জন বাংলাদেশি রয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনার পর রাত সাড়ে ১১টার দিকে যোগাযোগ করা হলে রাষ্ট্রদূত বলেন, “নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি থাকার খবর আমাদের কাছে নেই। তবে ৫০ বাংলাদেশি আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

এদের মধ্যে তিন জনকে আইসিইউতে রাখা হয়েছে; এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.