ইন্টারন্যাশনাল ডেস্ক | ১২ সেপ্টেম্বর, ২০১৫
ভারতের মধ্য প্রদেশে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে ৮২ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৮০ জন।
শনিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
টাইমস অফ ইন্ডিয়া ৮২ জনের মৃত্যুর খবর জানিয়েছে, তবে বার্তা সংস্থা রয়টার্সের খবরে নিহতের সংখ্যা ৬০ জন উল্লেখ করা হয়।
ঝাবুয়া জেলায় কাছে সেথিয়া রেস্টুরেন্টে এই ভয়াবহতার শিকার হয় রেস্টুরেন্টে আসা ক্রেতারা। বিস্ফোরণে রেস্টুরেন্টের দোতলা ভবনের পুরোটাই ধসে পড়ে। এমনকি পাশের কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়।
ধ্বংসাবশেষের নিচে আরো অনেকে চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। তাদের সঙ্গে মিলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন এলাকাবাসী।
চুলা জ্বালানোর কাজে ব্যবহারের জন্য সিলিন্ডারগুলো রেস্টুরেন্টে রাখা ছিলো। রেস্টুরেন্টটি আবাসিক এলাকার মধ্যে থাকায় দুর্ঘটনায় আহত-নিহতের সংখ্যা বেড়েছে।
এছাড়াও খনন কাজে বিস্ফোরক হিসেবে ব্যবহারের জন্য বেশকিছু জেলাটিন স্টিক রেস্টুরেন্টের ঠিক পাশের ভবনে জমা করে রাখার কারণে বিস্ফোরণ ভয়াবহ আকার ধারণ করে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ এবং আহতের পরিবারকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।