Sylhet Today 24 PRINT

পাকিস্তান সীমান্তে ২০০ সাঁজোয়া যান মোতায়েন করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৯

পাকিস্তান সীমান্তে প্রায় ২০০ সাঁজোয়া যান মোতায়েন করতে যাচ্ছে ভারত। এসব যানে থাকবে সে দেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ট্যাংক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র।

রুশ সংবাদমাধ্যম স্পুটনিকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর স্বাভাবিকভাবেই ‘চিরবৈরী প্রতিবেশী’ পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও খারাপ হতে শুরু করে। সীমান্ত সংঘর্ষও অতীতের তুলনায় বেড়েছে।

এমন সময় স্পুটনিকের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাঞ্জাব এবং রাজস্থানের পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় ২০০ যানের এক বহর মোতায়েন করতে যাচ্ছে ভারত।

শুক্রবার ভারতের এক ঊর্ধ্বতন কর্মকর্তা স্পুটনিককে বলেছেন, পাকিস্তান সীমান্ত সংলগ্ন সমতল ভূমিতে সাঁজোয়া যান মোতায়েন করা হবে। পাঞ্জাব-রাজস্থান জুড়ে নদী এবং খাল রয়েছে। সীমান্ত এলাকায় যান মোতায়েনের মধ্য দিয়ে বাড়বে ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা।

স্পুটনিক জানিয়েছে, রাস্তা বা সড়ক পথে ৫০০ এবং নদী বা খাল পথে আড়াইশ কিলোমিটার টহল দেয়ার সক্ষমতা রয়েছে এসব সাঁজোয়া গাড়ির। সব ধরনের রাসায়নিক, জৈব এবং পরমাণু দূষণ নির্ণয়ে সক্ষম আট চাকার এ গাড়ির সব চাকাই স্টিয়ারিং হুইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.