সিলেটটুডে ডেস্ক | ০১ ডিসেম্বর, ২০১৯
দিনের শুরুতে অনেক মানুষই চা বা কফি খেয়ে দিন শুরু করে থাকে। তাই বলে কোন প্রাণি তার দিন শুরু করবে চা দিয়ে- তা কেমন শোনায়! অবিশ্বাস্য হলেও এমন এক ঘটনা ঘটে চলেছে যুক্তরাজ্যে যেখানে একটা ঘোড়া তার দিন শুরু করে চা খেয়ে।
এনডিটিভি জানিয়েছে, ইংল্যাণ্ডের লিভারপুলের অ্যালেরটন আস্তাবলে থাকা ২০ বছর বয়সী ওই ঘোড়াটি ১৫ বছর ধরে মিরসেইসাইডের ঘোড়সওয়ার পুলিশ বিভাগে কাজ করছে। জেক নামের ওই ঘোড়াটি তার দীর্ঘ ক্যারিয়ারে চায়ে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে সকালে চা না দিলে সে কাজই শুরু করতে চায় না।
জানা গেছে, প্রথম প্রথম জেক তার সওয়ারকারীর কাপ থেকে চুরি করে চা খেত। পরে ধীরে ধীরে এটি তার অভ্যাসে পরিণত হয়। মিরসেইসাইড পুলিশ বিভাগও জেকের জন্য এখন আলাদাভাবে চা বরাদ্দ করেছে।
পুলিশ কর্মীরা জানিয়েছে, প্রতিদিন সকালে বড় কাপে করে আলাদাভাবে চা দিতে হয় জেককে। আরাম করে সেই চা পানের পরই সে কাজে যেতে রাজি হয়। মিরসেইসাইড পুলিশ টুইটারে জেকের চা খাওয়া নিয়ে একটা ভিডিও প্রকাশ করেছে। সেখানে তারা লিখেছে, এক কাপ গরম চা না পেলে জেক বিছানা থেকে উঠতেই চায় না। একবার চা খাওয়ার পরই সে দিনের কাজের জন্য প্রস্তুত হয়ে যায়।
পুলিশ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ঘন দুধের সঙ্গে দুই চামচ চিনি মেশানো চা জেকের দারুণ পছন্দের।