Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক |  ০১ ডিসেম্বর, ২০১৯

যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা অঙ্গরাজ্যে ১২ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ নয় আরোহীর মৃত্যু হয়েছে। বেঁচে যাওয়া তিন আরোহীকে চিকিৎসার জন্য সিউ ফলস শহরে নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার আইডাহো ফলস রিজিওনাল এয়ারপোর্টের উদ্দেশে উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়।

কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমধ্যম সিএনএন।

নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জানিয়েছেন ব্রুল বাফেলো কাউন্টির স্টেট অ্যাটর্নি টেরিজা মুল রসো।

ফেডারেল বিমান চলাচল প্রশাসন (এফএএ)-এর মুখপাত্র লিন লাসনফোর্ড জানান, স্থানীয় সময় শনিবার দুপুরের কিছু আগে তুষারঝড়ের মধ্যে প্লাটিস পিসি-১২ বিমানটি বিধ্বস্ত হয়।

ইতোমধ্যে এ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এফএএ এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেইফটি বোর্ড।

তবে ব্রুল বাফেলো কাউন্টির জরুরি বিভাগ জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

টুইটারে দেওয়া পোস্টে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, অঞ্চলটিতে ঘণ্টায় এক ইঞ্চি পরিমাণ তুষারপাত হচ্ছে। ফলে দৃশ্যমানতা এক মাইলেরও নিচে নেমে গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.